ম্যাকগ্রার অসন্তোষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ব্যাটসম্যান-শাসিত’ হয়ে পড়ছে ক্রিকেট। চার শ রান হচ্ছে, ব্যাটসম্যানদের ডাবল সেঞ্চুরিও হয়ে যাচ্ছে। পাল্লা দিয়ে বাড়ছে ‘ডেথ ওভারে’ রান তোলার হারও। পাওয়ার-প্লের বাইরের ওভারগুলোতে বৃত্তের বাইরে সর্বোচ্চ চারজন ফিল্ডারের নিয়মে কাজটা কঠিনই হয়ে পড়ছে বোলারদের। তবে শেষের ওভারগুলোয় রান আটকানোর জন্য ইয়র্কারকে একটা বড় অস্ত্র মনে করছেন অস্ট্রেলিয়ান কিংবদন্তি গ্লেন ম্যাকগ্রা, ‘যদি আপনি ওভারে ছয়টা “পারফেক্ট” ইয়র্কার দিতে পারেন, সেসব সামলানো মুশকিল। রান করার সুযোগ তখন কমে যায়। হ্যাঁ, এবি ডি ভিলিয়ার্স বা স্টিভ স্মিথের মতো ব্যাটসম্যানরা তবুও উপায় বের করতে পারে। কিন্তু কাজটা কঠিন।’
তবে বিশ্বকাপে বোলারদের ইয়র্কার নিয়ে ঠিক সন্তুষ্ট হতে পারছেন না বিশ্বকাপের সর্বোচ্চ উইকেটশিকারি। শ্রীলঙ্কার লাসিথ মালিঙ্গা ও অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক ছাড়া আর কারোরই ইয়র্কার তেমন চোখে পড়ছে না তাঁর। বোলারদের অনুশীলনের অভাবেই এমন হচ্ছে বলে মনে করছেন ম্যাকগ্রা, ‘নেটে পর্যাপ্ত সময় দেয় না অনেকেই। ম্যাচে ইয়র্কার করতে গিয়ে ভুল করে বসে। কারণ তাদের পর্যাপ্ত কাজ করা নেই। এরপর শর্ট বল করে, স্লোয়ার দিয়ে বৈচিত্র্য আনতে চায়। তবে মারার জন্য তখন গোটা মাঠই উন্মুক্ত হয়ে পড়ে। বাউন্ডারি ঠেকানো তখন কঠিন।’ আইএএনএস।