ম্যাকগ্রার চোখেও সেরা তাঁরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুই উত্তরসূরি মিচেল জনসন আর পিটার সিডলের সঙ্গে গ্লেন ম্যাকগ্রা ।  ফাইল ছবি
দুই উত্তরসূরি মিচেল জনসন আর পিটার সিডলের সঙ্গে গ্লেন ম্যাকগ্রা । ফাইল ছবি

অস্ট্রেলিয়ার ইতিহাসের সবচেয়ে বিধ্বংসী ওপেনিং বোলিং জুটি বলতেই চোখের সামনে ডেনিস লিলি আর জেফ টমসনের মুখ দুটি ভেসে ওঠে। ফাস্ট বোলিংয়ের ভয়ংকর সৌন্দর্য্য, আগ্রাসন বিচার করলে হয়তো ওঁরাই সবচেয়ে এগিয়ে থাকবেন। তবে ক্রিকেটে সাফল্যের মানদণ্ডে একটা বড় ভূমিকা থাকে পরিসংখ্যানের। আর সেই পরিসংখ্যান বলছে, অস্ট্রেলিয়ার ইতিহাসে সবচেয়ে সফল ওপেনিং বোলিং জুটি গ্লেন ম্যাকগ্রা ও জেসন গিলেস্পি।
রে লিন্ডওয়াল ও কিথ মিলারকে দ্বিতীয় স্থানটা ছেড়ে দিলে তৃতীয় স্থানে আবারও আসবে ম্যাকগ্রার নাম। এবার তাঁর সঙ্গী ব্রেট লি। তার মানে অস্ট্রেলিয়ার সবচেয়ে সফল তিনটি ওপেনিং জুটির দুটিতেই আছেন ম্যাকগ্রা। ব্যক্তিগত পরিসংখ্যান (১২৪ টেস্টে ২১.৬৬ গড়ে ৫৬৩ উইকেট) বলছে তিনি অস্ট্রেলিয়ার ইতিহাসে সবচেয়ে সফল পেসারও। এমন একজনের কাছ থেকে প্রশংসাপত্র পেয়ে তাই উচ্ছ্বসিত হতেই পারেন মিচেল জনসন, রায়ান হ্যারিস আর পিটার সিডলরা। বর্তমান অস্ট্রেলিয়া দলের এই পেসত্রয়ীকে নিজের দেখা যেকোনো সেরা বোলিং আক্রমণের তুল্য মনে করেন ম্যাকগ্রা।
প্রথম চার টেস্টে অস্ট্রেলিয়ার এই বোলিং-ত্রয়ী মিলে নিয়েছেন ৫৮ উইকেট। ব্যাট হাতে হাডিন-ক্লার্ক-রজার্সরা অল্পবিস্তর অবদান রেখেছেন সত্যি, তবে ইংল্যান্ডকে ধসিয়ে দেওয়ার মূল কাজটা করেছেন এই তিন বোলারই। বিধ্বংসী এই বোলিং আক্রমণের প্রশংসা করতে গিয়ে তাই অকৃপণ ম্যাকগ্রা, ‘এই সিরিজে ওরা যেভাবে বোলিং করেছে সেটা আমার দেখা যেকোনো সেরা বোলিং আক্রমণের মতোই ভালো।’ ৫৮ উইকেটের মধ্যে সিডনি টেস্টের আগ পর্যন্ত মিচেল জনসন একাই নিয়েছেন ৩১ উইকেট। আগের চার টেস্টের তিনটিতেই ম্যাচসেরা তিনি। উত্তরসূরির এই আগ্রাসী রূপে মুগ্ধ ম্যাকগ্রাও, ‘এই আক্রমণটা কাউকে না কাউকে নেতৃত্ব দিতে হতো। এ মুহূর্তে জনসন সেটাই করছে। শেষ কবে কাউকে এমন আগ্রাসী, এমন বিধ্বংসী ও কার্যকর বোলিং করতে দেখেছি আমি মনে করতে পারছি না।’ ওয়েবসাইট।
অস্ট্রেলিয়ার সফলতম ওপেনিং বোলিং জুটি
টেস্ট উইকেট
গ্লেন ম্যাকগ্রা-জেসন গিলেস্পি ৪৫ ৩৭৬
রে লিন্ডওয়াল-কিথ মিলার ৩৩ ২৪৩
গ্লেন ম্যাকগ্রা-ব্রেট লি ২৫ ২১৪
গ্রাহাম ম্যাকেঞ্জি-নিল হক ১৮ ১৫১
ডেনিস লিলি-জেফ টমসন ১৬ ১৪৮