ম্যাকগ্রার স্বস্তি, ম্যাকগ্রার শঙ্কা
চার বছর আগে, ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপে অস্ট্রেলিয়াকে টানা তৃতীয় শিরোপা উপহার দিতে গ্লেন ম্যাকগ্রা ২৬ উইকেট নিয়েছিলেন ১১ ম্যাচে। বিশ্বকাপের ইতিহাসে এক আসরে যা সর্বোচ্চ উইকেট প্রাপ্তির রেকর্ড। এবার বিশ্বকাপে প্রথম তিন ম্যাচেই ১৪ উইকেট—যেভাবে উইকেট নিতে শুরু করেছিলেন পাকিস্তান অধিনায়ক শহীদ আফ্রিদি, মনে হচ্ছিল এবার ম্যাকগ্রার রেকর্ড হাতবদল করেই ছাড়বেন। কিন্তু পারলেন না পাকিস্তান অধিনায়ক। রেকর্ড ভাঙা বা স্পর্শ করা দূরের কথা, আফ্রিদি দেশে ফিরেছেন ২১ উইকেট নিয়ে। কোয়ার্টার ফাইনাল পর্যন্ত সাত ম্যাচেই তাঁর উইকেট ছিল ২১টি। ভারতের বিপক্ষে সেমিফাইনালে উইকেট পাননি একটিও। হতাশা নিয়ে আফ্রিদি ফিরে গেছেন দেশে। অক্ষত ম্যাকগ্রার রেকর্ড!বাক্যের শেষে বিস্ময় কেন? কারণ, ম্যাকগ্রার রেকর্ড হাতছাড়া হওয়ার সম্ভাবনা আছে এখনো। তবে সেই সম্ভাবনা এতই ক্ষীণ যে স্বয়ং ম্যাকগ্রাও হয়তো শঙ্কার পরিবর্তে প্রানখুলে হাসছেন। সেমিফাইনাল পর্যন্ত ভারতের বঁ-হাতি পেসার জহির খানের উইকেট ১৯টি। ম্যাকগ্রার রেকর্ড স্পর্শ করতে তাঁর চাই আরও সাতটি উইকেট। অথচ হাতে শুধু আজকের ফাইনাল। এটা যদি স্বস্তির হয়, ম্যাকগ্রার জন্য অস্বস্তিও আছে। এক আসরে সর্বোচ্চ উইকেটের মতো বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ উইকেটের রেকর্ডও ম্যাকগ্রার। ৩৯ ম্যাচে সর্বোচ্চ ৭১ উইকেট তাঁর। কিন্তু আগেরটি নিয়ে নিশ্চিন্ত থাকতে পারলেও ম্যাকগ্রার এই রেকর্ডটি শঙ্কার মুখে। শঙ্কার নাম মুত্তিয়া মুরালিধরন। আর মাত্র তিন উইকেট পেলেই শ্রীলঙ্কান চ্যাম্পিয়ন হয়ে যাবেন ম্যাকগ্রার রেকর্ডের অংশীদার। চারটি হলে ম্যাকগ্রাকে টপকে গড়ে ফেলবেন নতুন রেকর্ড।৩১ ম্যাচে ৫৩ উইকেট নিয়ে এবার বিশ্বকাপ শুরু করেছিলেন মুরালিধরন। সেমিফাইনাল পর্যন্ত আট ম্যাচে নিয়েছেন ১৫ উইকেট। আজ স্বপ্নের ফাইনাল। এটাই আবার তাঁর ক্রিকেট ক্যারিয়ারের শেষ ম্যাচ। বিদায়ের ক্ষণটিতে দাঁড়িয়ে মুরালি শেষ চেষ্টাটা নিশ্চয়ই করবেন। ওয়েবসাইট।