ম্যাকলেরয়ের ইতিহাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত রোববার পর্যন্তও তাঁকে নিয়ে দেশবাসীর তেমন মাতামাতি ছিল না। কিন্তু এখন তাঁর দেশ উত্তর আয়ারল্যান্ডের গণ্ডি পেরিয়ে ররি ম্যাকলেরয়ের প্রশংসায় মেতেছে পুরো বিশ্ব। বিশ্ববাসীর প্রশংসাটা তাঁর প্রাপ্যই। ইউএস ওপেনের ৮৮ বছরের ইতিহাসে সবচেয়ে কম বয়সী গলফার হিসেবে জিতেছেন শিরোপা।পরশু রাতে ক্যারিয়ারে প্রথম মেজর শিরোপা জয়ের পথে ২২ বছর বয়সী এই আইরিশ রেকর্ড গড়েছেন আরও একটি। ৭২ হোলের খেলায় পারের চেয়ে ১৬ শট কম খেলে (মোট ২৬৮ শট) জিতেছেন শিরোপা। আগের রেকর্ডটি ছিল টাইগার উডসের। ২০০০ সালে তিনি শিরোপা জিতেছিলেন ২৭২ শটে। ম্যাকলেরয় তাঁর চেয়েও ৪ শট কম খেলে শিরোপা জিতেছেন।তরুণ ম্যাকলেরয়কে উত্তর আয়ারল্যান্ডের সর্বকালের সেরা ক্রীড়াবিদদের একজন হিসেবে কিংবদন্তি ফুটবলার জর্জ বেস্ট, তারকা অ্যাথলেট মেরি পিটার্সদের কাতারেই দেখা হচ্ছে।১৪টি মেজর শিরোপাজয়ী টাইগার উডসই তাঁর আদর্শ। উডসের খেলা দেখেই বেড়ে ওঠা। আর সেই নায়কের ঘরের কোর্সে প্রথমবার ইউএস ওপেন গলফে খেলতে এসেই শিরোপা জয়, স্বাভাবিকভাবেই ম্যাকলেরয়ের উচ্ছ্বাসটা আকাশছোঁয়া, ‘২২ বছর বয়সেই মেজর চ্যাম্পিয়ন হিসেবে এখানে বসা, এটা অসাধারণ এক অনুভূতি। এটা চমৎকার।’ তবে তাঁর আগামীর স্বপ্ন, একদিন লড়বেন স্বপ্নের নায়কের সঙ্গেও। চোটের কারণে তিনবার ইউএস ওপেনজয়ী উডস সরে না দাঁড়ালে অবশ্য এবারই স্বপ্নটা পূরণ হয়ে যেত ম্যাকলেরয়ের। এএফপি।