ম্যাকাইয়ের হ্যাটট্রিকের পরও জিতল ইংল্যান্ড

২২৭ রানের স্বল্প পুঁজি নিয়ে ম্যাচ জেতার আশা করতে হলে যেমন শুরু দরকার, তার চেয়ে কয়েক গুণ ভালো শুরুই পেয়েছিল অস্ট্রেলিয়া। নিজের দ্বিতীয় এবং ইনিংসের তৃতীয় ওভারেই দুর্দান্ত এক হ্যাটট্রিক করেছিলেন ক্লিন্ট ম্যাকাই। মাত্র ৮ রানেই কেভিন পিটারসেন, জনাথন ট্রট আর জো রুটের উইকেট হারিয়ে তখন প্রায় দিশেহারা অবস্থা ইংল্যান্ডের। কিন্তু শেষপর্যন্ত বিফলেই গেছে ম্যাকাইয়ের হ্যাট্রিকটা। জোস বাটলার, মাইকেল কারবেরি আর অধিনায়ক ইয়ন মরগানের লড়াকু ব্যাটিংয়ে ৩ উইকেটের জয় পেয়েছে ইংল্যান্ড। পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজেও ফিরিয়েছে সমতা।
ইংল্যান্ডের ইনিংসের শুরুতেই কেভিন পিটারসেনকে এলবিডব্লুর ফাঁদে ফেলে শুরু হয় ম্যাকাইয়ের শিকার। পরের বলে জোনাথন ট্রটকে দ্বিতীয় স্লিপে ক্যাচ বানান। এর পর ওই স্লিপেই জো রুটকে ক্যাচ বানিয়ে পূর্ণ করেন হ্যাটট্রিক। কিছু বুঝে ওঠার আগেই ইংল্যান্ড স্কোরবোর্ডের চেহারা দাঁড়ায় ৩ উইকেটে ৮ রান। কিন্তু আকস্মিক এই বিপর্যয়টা দারুণভাবে সামলে নিয়েছেন কারবেরি ও মরগান। চতুর্থ উইকেটে তাঁদের গড়া ১০৪ রানের জুটিটাই জয়ের ভিত্তি গড়ে দিয়েছে ইংল্যান্ডকে। সাজঘরে ফেরার আগে কারবেরি ৬৩ ও মরগান ৫৩ রান করেছেন।
তবে শুরুর মতো শেষেও চমক দেখিয়েছিলেন ম্যাকাই। জয়ের জন্য শেষ ১২ বলে ইংল্যান্ডের যখন ৯ রান দরকার, তখন তুলে নিয়েছিলেন আরেকটি উইকেট। ঐ ওভারে দিয়েছিলেন মাত্র ২ রান। শেষ ওভারে ইংল্যান্ডের প্রয়োজন ছিল ৮ রান। কিন্তু তাঁর কীর্তিটা ম্লান করে দিয়েছেন বাটলার। শেষ ওভারের প্রথম তিন বলেই একটি ছয় আর একটি চার মেরে ইংল্যান্ডকে নিয়ে গেছেন জয়ের বন্দরে। ৪৮ বলে ৬৫ রানের ঝড়ো ইনিংস খেলে শেষপর্যন্ত অপরাজিতই ছিলেন এই ডানহাতি ব্যাটসম্যান।
পঞ্চম অস্ট্রেলিয়ান হিসেবে ওয়ানডেতে হ্যাটট্রিকের কৃতিত্ব গড়েছেন ম্যাকাই। তাঁর আগে অস্ট্রেলিয়ার হয়ে হ্যাটট্রিক করেছিলেন ব্রুস রিড, অ্যান্থনি স্টুয়ার্ট এবং ব্রেট লি। সবমিলে ওয়ানডেতে হ্যাটট্রিক হয়েছে ৩৩টি।
এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে জর্জ বেইলির ৮৭ রানের ইনিংসটির সুবাদে স্কোরবোর্ডে ২২৭ রান জমা করেছিল অস্ট্রেলিয়া।