ম্যাকাওয়ে তৃতীয় সিদ্দিকুর
ম্যাকাও ওপেনের তৃতীয় দিনে দশে নেমে গিয়েছিলেন সিদ্দিকুর। কাল শেষ রাউন্ডে দারুণ খেলে উঠে এলেন তিনে। শেষ দিনে সাতটি বার্ডি করেছেন, খেলেছেন পারের চেয়ে ৫ শট কম। চার রাউন্ড মিলিয়ে পারের চেয়ে মোট ১২ শট কম খেলে থাইল্যান্ডের থিটিফুন চুয়াইপ্রাকংয়ের সঙ্গে যৌথভাবে তৃতীয় হয়েছেন বাংলাদেশের সেরা গলফার। পারের চেয়ে ১৬ শট কম খেলা ভারতের গগনজিৎ ভুল্লার হয়েছেন চ্যাম্পিয়ন। তৃতীয় হয়ে ৪১ হাজার ডলারের পাশাপাশি সিদ্দিকুর পেয়ে গেছেন ডব্লুজিসি-এইচএসবিসি চ্যাম্পিয়নসের সর্বশেষ টিকিটটি। আগামী মাসে চীনের শেনঝেনে অনুষ্ঠিত হবে ৭ মিলিয়ন ডলারের টুর্নামেন্টটি। যেখানে খেলবেন বছরের চারটি মেজরজয়ী গলফারসহ বিশ্বসেরা গলফাররা। গতবার এইচএসবিসিতে ৪৯তম হয়েছিলেন সিদ্দিকুর। পিঠের হালকা ব্যথায় ভোগা সিদ্দিকুর শেষ রাউন্ডে যেভাবে খেলেছেন তাতে বেশ খুশি, ‘এই রাউন্ড নিয়ে আমি বেশ খুশি। পাটিংগুলো চমৎকার হয়েছে। কালকে তো অনেকগুলো পাট মিস করেছি। এইচএসবিসির কথাও আমার মনে ছিল।’ তথ্যসূত্র: এশিয়ান ট্যুর ওয়েবসাইট।