ম্যাকার্থিকে বাদ দিলেন পাহেইরা
দক্ষিণ আফ্রিকা ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা তিনি, বলা যায় দলের সেরা তারকাও। গত ফেব্রুয়ারিতে ব্ল্যাকবার্ন রোভার্স ছেড়ে ওয়েস্টহামে আসা স্ট্রাইকার মৌসুমের বেশির ভাগ সময় চোটের কারণে মাঠের বাইরে। বেনি ম্যাকার্থিকে তার পরও প্রাথমিক দলে রাখা হয়েছিল। কিন্তু নিজ দেশে বিশ্বকাপটা আর খেলা হচ্ছে না তাঁর। কার্লোস আলবার্তো পাহেইরার ২৩ সদস্যের চূড়ান্ত দক্ষিণ আফ্রিকা দলে জায়গা হয়নি ৩২ বছর বয়সী ম্যাকার্থির। দলে চমক আর একটিই, বুন্দেসলিগায় খেলা অভিজ্ঞ গোলরক্ষক রোয়েন ফার্নান্দেজের জায়গা নিয়েছেন শুয়াইব ওয়াল্টার্স।এর আগে পোলকওয়েনে প্রস্তুতি ম্যাচ খেলে ৫০০ কিলোমিটার বাস ভ্রমণ করে দলবল নিয়ে জোহানেসবার্গে এসেছেন পাহেইরা। অধিনায়কের মাইলফলক ছোঁয়ার দিনটি উদ্যাপন করেছে দক্ষিণ আফ্রিকা রেকর্ড গড়ে। প্রথম দক্ষিণ আফ্রিকান হিসেবে অ্যারন মকোয়ানার এক শ ম্যাচ খেলার দিনে গুয়েতেমালাকে বিধ্বস্ত করেছে তারা ৫-০ গোলে। নিষিদ্ধাবস্থা কাটিয়ে আন্তর্জাতিক ফুটবল ফেরার পর গত ১৮ বছরে ২৫০-এর বেশি ম্যাচে বাফানা বাফানাদের সবচেয়ে বড় জয় এটিই। আর গত নভেম্বরে পাহেইরা দ্বিতীয় দফায় কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রদর্শনী ম্যাচে এই নিয়ে টানা ১১ ম্যাচ অপরাজিত থাকল দক্ষিণ আফ্রিকা। আগের প্রস্তুতি ম্যাচটির মতো পরশুও দুটি পেনাল্টি পায় দক্ষিণ আফ্রিকা, ১১ ও ৫৬ মিনিটে পেনাল্টি দুটি থেকে গোল করেন কাটলেগো এমফেলা। এ ছাড়া ২৬ মিনিটে গোল করেন রেনেলউই লেটশোলোনিয়ানে, ৪৮ মিনিটে সারপ্রাইজ মরিরি ও ৮২ মিনিটে বার্নার্ড পার্কার। এএফপি।