ম্যাকিন্সের ওপর অনেক প্রত্যাশা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের কোচের দায়িত্ব ছেড়ে আবারও ফিরে আসার নজির খুব একটা নেই। এ দিক থেকে ব্যতিক্রমই বলতে হয় রিচার্ড ম্যাকিন্সকে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) একাডেমির এই অস্ট্রেলীয় কোচের ওপর তাই অনেক প্রত্যাশা বাংলাদেশের।২০০৩-০৪ সালে বিসিবির হাই-পারফরম্যান্স ইউনিটের কোচ হিসেবে কাজ করেন ম্যাকিন্স। সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, তামিম ইকবাল, অলক কাপালি, নাঈম ইসলাম, শাহাদাত হোসেন, শাহরিয়ার নাফিস, শামসুর রহমানরা তাঁর হাতেই গড়া। ২০০৫ সালে বাংলাদেশ ছেড়ে গেলেও ক্রিকেটারদের সঙ্গে সাত বছর ধরেই যোগাযোগ ছিল তাঁর। সেই ম্যাকিন্স দুই বছরের চুক্তিতে ফিরে এসেছেন বিসিবি একাডেমির প্রধান কোচ হিসেবে। সঙ্গে করে এনেছেন স্ত্রী ও দুই সন্তানকেও।বাংলাদেশে ফিরে আসা প্রশ্নে ক্রিকইনফোকে ম্যাকিন্স বলেছেন, ‘আমার দায়িত্ব জাতীয় দলে ক্রিকেটার সরবরাহ করা। এই ক্রিকেটাররা একই সঙ্গে ঘরোয়া ক্রিকেটেও খেলবে। আশা করছি, ক্রিকেট একাডেমির শিক্ষা কাজে লাগিয়ে ওরা ঘরোয়া ক্রিকেটে আধিপত্য বিস্তার করবে এবং জাতীয় দলে জায়গা করে নেবে।’নিজের লক্ষ্য সম্পর্কে ম্যাকিন্স বলেন, ‘আমার কাজ রিচার্ড পাইবাস (জাতীয় দলের কোচ) ও তাঁর দলকে ভালো ক্রিকেটার সরবরাহ করা। যে খেলোয়াড়েরা বিভিন্ন ফরম্যাটে ছিল না, তারা নিজেদের প্রস্তুত করবে। এটা টেস্ট, ওয়ানডে বা টি-টোয়েন্টি যা-ই হোক না কেন। জাতীয় দল ও এই জায়গাটার মধ্যে শক্তিশালী বন্ধন তৈরি করতে হবে।’ম্যাকিন্স জানিয়েছেন, ক্রিকেটারদের মধ্যে হুট করে বড় পরিবর্তন আনাটা পছন্দ করেন না তিনি। যা কিছু করবেন, বেশ ধীরে-সুস্থে, শিষ্যরা যেন শিক্ষাগুলো নিতে পারে। তিনি চান, ক্রিকেটাররা যেন সারা দিন ব্যাট করতে পারে। ম্যাকিন্সের প্রাথমিক লক্ষ্য, জাতীয় দলে কয়েকটি নির্দিষ্ট পজিশনের জন্য ক্রিকেটারদের প্রস্তুত করা। এভাবে পারফরম্যান্সে উন্নতি আনার চেষ্টা করা। ‘জাতীয় দলে প্রতিটি পজিশনে দুই-তিনজন ক্রিকেটার থাকে। পজিশনের জন্য তাদের লড়াই করতে হয়। জাতীয় দলে যারা খেলে, তারা বেশ ভালো করেই জানে, পারফরম্যান্স দিয়েই জায়গাটা দখল করে রাখতে হবে। এ কারণে আমার চেষ্টা থাকবে, প্রতিটি পজিশনেই ক্রিকেটারদের উন্নতি করা। এর জন্য প্রচুর সময়ও পাব আমরা।’ বলেছেন ম্যাকিন্স।