ম্যাক্সওয়েল-বীরত্বে পাঞ্জাবের আরেকটি জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চেন্নাই বোলারদের কচুকাটা করেছেন গ্লেন ম্যাক্সওয়েল!
চেন্নাই বোলারদের কচুকাটা করেছেন গ্লেন ম্যাক্সওয়েল!

আইপিএলে আবুধাবিতে পাঞ্জাবের বিপক্ষে ২০৫ করেও জিততে পারেনি চেন্নাই। মরু-ঝড় নয়, ম্যাক্সওয়েল-ঝড়ে সেদিন উড়ে গিয়েছিল ধোনির দল!  আজও তা-ই। সেই ম্যাক্সওয়েল ঝড়!  শুধু পার্থক্য একটাই—এদিন পাঞ্জাব ব্যাট করেছে আগে এবং চলতি আইপিএলে সর্বোচ্চ রান তুলেছে। ফল একই—জয়। চেন্নাই হেরেছে ৪৪ রানে। আর স্নিগ্ধ হাসি ফুটেছে প্রীতি জিনতার মুখে!

পাঞ্জাবের দেওয়া ২৩২ রানের লক্ষ্যে খেলতে নেমে চেন্নাই থেমেছে ৬ উইকেটে ১৮৭ রানে। হেরেছে ৪৪ রানে। সর্বোচ্চ ৫২ এসেছে ফ্যাপ ডু প্লেসিসের ব্যাট থেকে।
আবুধাবির হেরে যাওয়া ম্যাচের অভিজ্ঞতায় ধোনি টসে জিতে পাঞ্জাবকে ব্যাটে পাঠালেন।  ধোনির সিদ্ধান্তে বোধ হয় মুচকিই হেসেছিলেন ম্যাক্সওয়েল! অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানের ইনিংসটি দেখে  বোঝার উপায় ছিল না—এটি লাইভ ম্যাচ নাকি হাইলাইটস! মাত্র ৩৮ বলে করলেন ৯০।

একটু রয়ে-সয়ে খেললে সেঞ্চুরিটাও হয়তো করে ফেলতেন। কিন্তু তা হলো না। মোহিত শর্মার বলে ৯০-এ কাটা পড়লেন। তাঁর ইনিংসটায় ছিল ৮টি ছয় ও ৬টি চারের মার। স্ট্রাইক রেট? বেশি না, ২৩৬.৮৪! ম্যাক্সওয়েলের দিনে আরেক প্বার্শচরিত্র মিলার—‘দ্য কিলার’! করেছেন ৩২ বলে ৪৭। শেষমেশ ২০ ওভারে এবারের আইপিএলের সর্বোচ্চ স্কোর ৪ উইকেটে  ২৩১ তোলে পাঞ্জাব ।