ম্যাক্সওয়েল-মিলারে শেষ চেন্নাই

আইপিএলের ঝাঁজ ভালোই টের পাওয়া গেল আজ আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে। পাঞ্জাব-চেন্নাইয়ের ম্যাচে রানের প্লাবন বইয়ে গেল। তবে শেষমেশ জিতল পাঞ্জাব। ৭ বল বাকি থাকতে চেন্নাইকে হারাল ৬ উইকেটে।
চেন্নাইয়ের দেওয়া ২০৬ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরুতে পাঞ্জাবের বিপর্যয়। ৫.১ ওভারে ৫২ রানে ৩ উইকেট শেষ। আসল খেলা শুরু এর পর থেকেই। গ্লেন ম্যাক্সওয়াল আর ডেভিড মিলার চেন্নাই বোলারদের রীতিমতো কচুকাটা শুরু করেন। দুজনের চতুর্থ উইকেট জুটিতে আসে ৬৩ বলে ১১৫। রানের পাহাড় গড়েও চেন্নাই জিততে পারেনি মূলত এ জুটির কারণেই। ম্যাক্সওয়েল করেন ৪৩ বলে ৯৫। ঝোড়ো ইনিংসে চারের মার ছিল ১৫টি, ছক্কা দুটি। ম্যাক্সওয়েল ফিরলেও চেন্নাইয়ের সর্বনাশে ষোলোকলা পূরণ করতে উইকেটে ছিলেন মিলার। তিনি অপরাজিত ৩৭ বলে ৫৪ রানে। ৪ উইকেট হারিয়ে ৭ বল বাকি থাকতেই জয়ের দেখা পায় পাঞ্জাব।
এর আগে টসে জিতে ডোয়াইন স্মিথ ও ব্রান্ডন ম্যাককালামের দুর্দান্ত ব্যাটিংয়ে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ২০৫ তোলে চেন্নাই। স্মিথ-ম্যাককালামের উদ্বোধনী জুটিতেই আসে ১২৩। বালাজির বলে ফেরার আগে স্মিথ করেন ৪৩ বলে ৬৬, পেটেলের শিকার হওয়ার আগে ম্যাককালামের সংগ্রহ ৪৫ বলে ৬৭। তবে চেন্নাই অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির আফসোস হতে পারে এই ভেবে যে, রানের সৌধ গড়েও ন্যূনতম প্রতিরোধ গড়ে তুলতে পারেননি তার বোলাররা। ম্যাচ-সেরা ম্যাক্সওয়েল।