ম্যাক্সওয়েল যেমনটা চান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছয় ফুটের একটু বেশি উচ্চতা। অস্ট্রেলিয়ান মানদণ্ডে আহামরি কিছু নয়। তার পরও তাঁকে সতীর্থরা ‘দ্য বিগ শো’ ডাকেন শুনে অনেকে অবাক হতে পারেন। আমেরিকান রেসলারের দশাসই শরীরের তুলনায় গ্লেন ম্যাক্সওয়েল তো রীতিমতো শীর্ণকায়। আসল রহস্যটা জানলে অবশ্য এতটা অবাক লাগবে না। নামটা তাঁর শরীরের আকারের কারণে নয়, ব্যাট হাতে বিশালাকৃতির শটগুলোর কারণে। ভিক্টোরিয়ার হয়ে অস্ট্রেলিয়ার ঘরোয়া ওয়ানডে টুর্নামেন্টে তাসমানিয়ার বিপক্ষে এক ম্যাচে ম্যাক্সওয়েলের ধুন্ধুমার মার দেখে তাঁর তখনকার সতীর্থ ম্যাথু ওয়েড নাকি নামটা দিয়েছিলেন। টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে ম্যাক্সওয়েলের ৩৩ বলে ৭৩ রানের ‘টর্নেডো’ ইনিংস দেখে হয়তো সবারই মনে হয়েছে, এই লোকটার জন্য এর চেয়ে ভালো ডাকনাম আর হতেই পারে না!
তবে তাঁর জন্য আক্ষেপের ব্যাপার হচ্ছে, এমন বিধ্বংসী ইনিংসের পরও তিনি হারতে দেখেছেন দলকে। ম্যাক্সওয়েল ক্রিজে থাকার সময় মনে হয়েছিল হয়তো দুটো ওভার হাতে রেখেই জিতে যাবে অস্ট্রেলিয়া, অথচ তিনি আউট হওয়ার পর ২৯ রানে শেষ ৭ উইকেট হারিয়ে সেই অস্ট্রেলিয়াই হেরে গেছে ১৬ রানে। যে আজমল-আফ্রিদি আর হাফিজদের তিনি অবলীলায় মেরে গেছেন, তাঁদের সামনেই থুবড়ে পড়েছে অস্ট্রেলিয়ার মিডল ও লোয়ার অর্ডার। আক্ষেপটা এতই বেশি যে বলেই দিলেন, ‘এই টুর্নামেন্টে যদি আবার পাকিস্তানের সঙ্গে দেখা হয়, আমি এ রকমই আরেকটা বিধ্বংসী ইনিংস খেলতে চাই।’ যেন সতীর্থদেরও আরও একবার দেখিয়ে দেওয়া—এভাবে খেলতে হয় পাকিস্তানি বোলারদের!
ম্যাক্সওয়েলের এই ইচ্ছা পূরণ অবশ্য এখন কিছুটা কঠিন হয়ে গেছে প্রথম ম্যাচে হেরে। পাকিস্তানের সঙ্গে আবার দেখা হতে হলে আগে অস্ট্রেলিয়াকে গ্রুপ, সেমিফাইনাল সব পেরিয়ে ফাইনাল নিশ্চিত করতে হবে। সে পথে শুক্রবার অস্ট্রেলিয়াদের পরের বাধা ওয়েস্ট ইন্ডিজ। ম্যাক্সওয়েল এখনই আশা ছাড়ছেন না, ‘এখন থেকে আমাদের আরও নিখুঁত হতে হবে। অনুশীলনে আরেকটু বেশি পরিশ্রম করতে হবে। আগের ম্যাচে যে ভুলগুলো করেছি সেগুলো আর করা যাবে না।’
এই ভুলের তালিকায় ওপরে নিশ্চয়ই ফিল্ডিং। আউটফিল্ডে অস্ট্রেলিয়ানরা তো সাদামাটা ছিলই, উমর আকমলের ক্যাচও পড়েছে ব্র্যাড হগের হাত থেকে। দুই ‘জ্যাঠা খেলোয়াড়’ হগ-হজ, দুজন ব্যর্থ হয়েছেন ব্যাট হাতেও। অলরাউন্ডার জেমস ফকনার চোট থেকে সেরে উঠায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ব্র্যাড হজ থাকছেন না এটা প্রায় নিশ্চিত। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভারতীয় লেগ স্পিনার অমিত মিশ্রর সাফল্য দেখে অস্ট্রেলিয়াও নাকি হগের বদলেও তরুণ লেগস্পিনার জেমস মিউরহেডকে খেলানোর চিন্তাভাবনা করছে। ম্যাক্সওয়েল অবশ্য আগেই শুভকামনা জানিয়ে রাখলেন ভিক্টোরিয়ার সতীর্থকে, ‘ও আত্মবিশ্বাসী এবং বড় মঞ্চে সুযোগের অপেক্ষায় আছে। আশা করি সে তাঁর প্রতিভা আর সামর্থ্য দেখাতে পারবে।’ ওয়েবসাইট।