ম্যাক্সওয়েলের শাপমোচন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ড্রেসিংরুমে সুযোগ পেলেই ২০১৩ সালের ২ নভেম্বরের ম্যাচটির কথা মনে করিয়ে দেন জেমস ফকনার। বেঙ্গালুরুতে সেদিন ৫৭ বলে সেঞ্চুরি করেছিলেন অস্ট্রেলিয়ার অলরাউন্ডার, অস্ট্রেলিয়ার পক্ষে ওয়ানডে ইতিহাসেই এটা দ্রুততম। অথচ তাঁর অনেক আগেই রেকর্ডটি হয়ে যেতে পারত গ্লেন ম্যাক্সওয়েলের। ওই ম্যাচে ২২ বলে ৬০ করে আউট হয়ে গিয়েছিলেন ম্যাক্সওয়েল, পাওয়া হয়নি সেঞ্চুরি!
শুধু কি সেবার, ৪৫ ম্যাচের ক্যারিয়ারে ম্যাক্সওয়েলের কাছে সেঞ্চুরি মানে একরাশ আক্ষেপ আর অতৃপ্তি, ‘এত কাছে তবু এত দূরের’ গল্প। নব্বইয়ের ঘরে আউট হয়েছেন তিনবার, গত বছর হারারেতে ৪৬ বলেই করে ফেলেছিলেন ৯৩। এই বিশ্বকাপেই আফগানিস্তানের সঙ্গে মনে হচ্ছিল গেরোটা ছুটছে। কিন্তু ৩৯ বলে ৮৮ রান করে উইকেটটা উপহার দিয়ে আসেন। অনেক প্রতীক্ষার সেই তিন অঙ্ক ছোঁয়ার পর কাল এই অলরাউন্ডার যে বুনো আবেগে ভেসে যাবেন, তাতে আর আশ্চর্য কী!
ম্যাচের পর স্বীকার করলেন, বারবার কাছে গিয়েও থেমে যাওয়াটা কতটা পোড়াচ্ছিল তাঁকে, ‘পিঠ থেকে সিন্দবাদের ভূতটা ঝেড়ে ফেলতে পেরেছি, খুব ভালো লাগছে। কয়েকবার ৯০-এর ঘরে আউট হওয়ার পর এই সেঞ্চুরিটা ছিল বিশাল একটা তৃপ্তি।’ ৫১ বলে সেঞ্চুরি করেছেন, এক বলের জন্য ছুঁতে পারেননি কেভিন ও’ব্রায়েনের বিশ্বকাপে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড। সেটা নিয়ে অবশ্য কোনো খেদ নেই তাঁর, ‘আমি বিশ্বকাপের রেকর্ডটার কথা জানতাম না। তবে অস্ট্রেলিয়ারটা জানতাম, ফকনার তো এ নিয়ে কানের কাছে সব সময় ঘ্যানঘ্যান করত!’ কালও অবশ্য নব্বইয়ে আটকা পড়ে যাচ্ছিলেন, ৯৩ রানের মাথায় কুমার সাঙ্গাকারা যে ফেলে দিয়েছেন তাঁর ক্যাচ। শেষ পর্যন্ত অবশ্য সাঙ্গাকারা নিজেই দুর্দান্ত একটা সেঞ্চুরি করেছেন, কিন্তু জেতাতে পারেননি দলকে।
ম্যাচ শেষে অস্ট্রেলিয়া অধিনায়ক মাইকেল ক্লার্ক কৃতিত্ব দিয়েছেন ম্যাক্সওয়েলকে, ‘ছেলেরা যেভাবে ব্যাট করেছে তাতে কৃতিত্বটা তাদেরই প্রাপ্য। ম্যাক্সওয়েলের রান আজ আমাদের দরকার ছিল।’ শ্রীলঙ্কা অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুস দুষলেন তাঁর বোলিংকে, ‘শেষ ১৬ ওভারে আমরা ২০০ রান দিয়ে দিয়েছি। প্রতিপক্ষকে ৩০০ রানের মধ্যে আটকে রাখতে পারলে আমরা সেটা তাড়া করতে পারব।’ এএফপি।