ম্যাচ গড়াপেটা: প্রমাণ চেয়েছে ফিফা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বকাপে ক্যামেরুনের খেলোয়াড়েরা ম্যাচ গড়াপেটা করেছেন—এমন কোনো প্রমাণ এখন পর্যন্ত পায়নি ফিফা। এ অবস্থায় গড়াপেটার খবর প্রকাশ করা জার্মান সাময়িকী দার স্পেইগেল-এর কাছে এ-সংক্রান্ত প্রমাণ চেয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা।

ফিফার গণমাধ্যম বিভাগের প্রধান ডেলিয়া ফিশার বলেছেন, ‘এখন পর্যন্ত কোনো ম্যাচে গড়াপেটার প্রমাণ আমরা পাইনি। বাজিকর পেরুমালের সঙ্গে যোগাযোগ ও অভিযোগের সঙ্গে সংশ্লিষ্ট সব তথ্যপ্রমাণ দিতে জার্মান সাময়িকী দার স্পেইগেলকে অনুরোধ জানিয়েছি আমরা।’
স্পেইগেল-এর খবরে বলা হয়েছিল, সিঙ্গাপুরের বাজিকর পেরুমাল ক্যামেরুন-ক্রোয়েশিয়া ম্যাচের আগেই ফেসবুক চ্যাটে তাদের জানিয়েছিলেন, ক্রোয়েশিয়ার কাছে ৪-০ গোলে হারবে ক্যামেরুন। ম্যাচের প্রথমার্ধে লাল কার্ড খেয়ে বের হয়ে আসবেন ক্যামেরুনের একজন খেলোয়াড়। সত্যি সত্যি ওই ম্যাচে ৪-০ গোলে হারে ক্যামেরুন, ৪০ মিনিটের মাথায় মারিও মানজুকিচকে বাজেভাবে ফাউল করে লাল কার্ড দেখেন ক্যামেরুনের অ্যালেক্স সং। স্পেইগেল-এর প্রতিবেদনে নাম আসা সাত খেলোয়াড়ের বিরুদ্ধে তদন্তেও নেমেছে ক্যামেরুন ফুটবল ফেডারেশন।
তবে যার বক্তব্যের সূত্র ধরে খবরটা প্রকাশ করা হয়েছিল, সেই অভিযুক্ত জুয়াড়ি উইলসন রাজ পেরুমাল দাবি করেছেন, খবরটি সত্যি নয়। তিনি অভিযোগ করেছেন, তাঁর বক্তব্য বিকৃতভাবে উপস্থাপন করেছে জার্মান সাময়িকীটি । ম্যাচ গড়াপেটার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ২০১১ সালে জেল খাটা পেরুমালের ভাষ্য, ‘ম্যাচের কয়েক দিন পর দার স্পেইগেল-এর সাংবাদিকের সঙ্গে ফেসবুক চ্যাটে আমার কথা হয়েছিল। ওই ম্যাচ সম্পর্কে আমি আমার মতামত দিয়েছিলাম। কখনোই বলিনি, ক্যামেরুনের কোনো খেলোয়াড়ের সঙ্গে আমার যোগাযোগ রয়েছে। আমার বক্তব্যের ভিত্তিতে ম্যাচ ফিক্সিংয়ের প্রসঙ্গ টানা বুদ্ধিমানের কাজ নয়।’
স্পেইগেল অবশ্য আগের বক্তব্যেই অটল রয়েছে। জার্মান সাময়িকীটির দাবি, ক্যামেরুন-ক্রোয়েশিয়া ম্যাচের আগেই ওই ম্যাচ সম্পর্কে কথা বলেছিলেন পেরুমাল। তাঁর কথা হুবহু মিলে যায়।
এদিকে ক্রোয়েশিয়া ফুটবল অ্যাসোসিয়েশনের মুখপাত্র বলেছেন, ম্যাচ চলার সময় বা ম্যাচের পর কী হয়েছে, এসব নিয়ে ভাবছি না আমরা। মাঠে খেলেই আমরা জিতেছি।’ বিশ্বকাপে ম্যাচ ফিক্সিংয়ের কোনো ঘটনা ঘটেছে কি না বা সন্দেহজনক কিছু পাওয়া গেছে কি না—এমন প্রশ্নে ফিফার টেকনিক্যাল সাপোর্ট গ্রুপের সদস্য জেরার্ড হুলিয়ারের জবাব, ‘না, এখনো নয়।’ সূত্র: বিবিসি।