ম্যাচ ছাপিয়ে মাশরাফি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টস করার জন্য আম্পায়ার মাঠে নেমে জানতে পারলেন টস হয়ে গেছে আগেই! নিজেদের মধ্যে এ ধরনের প্রস্তুতি ম্যাচে টস মানে স্রেফ আনুষ্ঠানিকতা। কাল সেই আনুষ্ঠানিকতারও প্রয়োজন হয়নি। নিজেদের মধ্যে সমঝোতায় সবুজ দল ব্যাটিংয়ে, বোলিংয়ে লাল দল। এই সমঝোতার কারণ হতে পারে একটিই, লাল দলে যে আছেন মাশরাফি!
তিন দিনের প্রস্তুতি ম্যাচের মূল উপলক্ষ ম্যাচ অনুশীলন হলেও এর গুরুত্ব বাড়িয়ে দিয়েছেন মাশরাফি বিন মুর্তজা। চোট কাটিয়ে দীর্ঘ পুনর্বাসন-প্রক্রিয়ার কষ্টকর সব ধাপ শেষে আরও একবার ফিরলেন নড়াইল এক্সপ্রেস। আন্তর্জাতিক ম্যাচ নয়, সেই অর্থে নয় প্রতিযোগিতামূলক ম্যাচও। কিন্তু ম্যাচ তো! গত ফেব্রুয়ারিতে বিপিএল ফাইনালের পর প্রথম ম্যাচ, সেটিও আবার দীর্ঘ পরিসরে। ২০০৯ সালের জুলাইতে সর্বশেষ টেস্ট খেলার পর গত চার বছরে দীর্ঘ পরিসরের ম্যাচ খেলেছেনই মাত্র দুটি—২০১০ সালের জানুয়ারিতে ও গত নভেম্বরে জাতীয় লিগের দুটো ম্যাচ।
আরেকবার ফেরার প্রথম দিনে ভালোই উতরে গেছেন মাশরাফি। উইকেট পাননি, তবে ফিটনেসের পরীক্ষায় আপাতত পাস মার্ক পাচ্ছেন। বোলিংয়েও ছিল ছন্দ ফিরে পাওয়ার ইঙ্গিত। প্রথমে বোলিং করার সুযোগ মিলেছে, একটু সময় নিয়ে করেছেন দিনের প্রথম ওভারটি। খানিকটা অস্বস্তি ও জড়তা ছিল বোলিংয়ে। তবে দ্বিতীয় ওভারে কিছুক্ষণের জন্য যেন ফিরে পেলেন পুরোনো ধার। গতি, বাউন্স আর দারুণ লাইন-লেংথে বারবার অস্বস্তিতে ফেললেন ব্যাটসম্যান জহুরুলকে। বাকি ওভারগুলোতে লাইন-লেংথ ঠিক রেখে বোলিং করে গেছেন। সকালে ৫ ওভারের স্পেলে রান দিয়েছেন ৮, শেষ বিকেলের ৫ ওভারের স্পেলে ১৮। ফিল্ডিংসহ সব মিলিয়ে আড়াই ঘণ্টামতো ছিলেন মাঠে। কোচ শেন জার্গেনসেন জানালেন, সতর্কতার সঙ্গে সামলাতেই একবারে বেশি চাপ দেওয়া হচ্ছে না মাশরাফির ওপর। তবে শেষ বিকেলেও সকালের মতো বোলিং করে মাশরাফি ফিটনেসের উন্নতির বার্তা দিয়ে রাখলেন।
প্রস্তুতি ম্যাচের প্রথম দিনটা সবচেয়ে ভালো গেছে মুশফিক আর রাজ্জাকের। ১১৬ বলে সাত চার ও চার ছয়ে ৬৯ রানে অপরাজিত সবুজ দলের অধিনায়ক মুশফিক। আর লাল দলের হয়ে চার উইকেটের সব কটিই রাজ্জাকের। দলের বেশ কজনের জন্য এই ম্যাচ নিউজিল্যান্ড সিরিজের আগে নির্বাচকদের কাছে বার্তা পাঠানোর ম্যাচও। সে লড়াইয়ে থাকা চারজন খুব একটা সুবিধা করতে পারেননি প্রথম দিনে। পাঁচ চারে ২৩ রান করা শাহরিয়ার নাফীস বোল্ড রাজ্জাকের আচমকা অনেকখানি টার্ন করা বলে। দেড় ঘণ্টা উইকেটে কাটিয়ে জহুরুল (১৯) কট বিহাইন্ড বাড়তি লাফিয়ে ওঠা বলে। আর্ম বল পেছনের পায়ে খেলে এলবিডব্লু মমিনুল (১৪), প্রায় দুই ঘণ্টায় ১৭ রান করা রকিবুল বোল্ড রাউন্ড দ্য লেগ। টার্ন, ফ্লাইট, গতিবৈচিত্র্য মিলিয়ে দারুণ বোলিং করেছেন রাজ্জাক। এই রাজ্জাককেই আবার তিনটি ছয় মেরেছেন মুশফিক, আরেকটি মাহমুদউল্লাহকে।
বৃষ্টিতে দুই দফা বন্ধ থাকার পরও শেখ আবু নাসের স্টেডিয়ামের আধুনিক পানিনিষ্কাশনব্যবস্থার সৌজন্যে সারা দিনে খেলা হয়েছে ৬৪ ওভার। সকালে খেলা শুরুর সময়ই মাঠে শ দুয়েক দর্শক সমানে চেঁচিয়ে গেলেন মাশরাফির নাম ধরে। স্কুল-কলেজ পালানোদের সংখ্যাটা দুপুর নাগাদ হাজার ছাড়াল। সবচেয়ে বড় চিৎকারটা সব সময় বরাদ্দ ছিল মাশরাফির জন্যই। ঘরের ছেলের আরেকটি ফেরা শুরু হলো ঘরের দর্শকের অনুপ্রেরণায়!
সংক্ষিপ্ত স্কোর
বিসিবি সবুজ: ৬৪ ওভারে ১৫৬/৪ (জহুরুল ১৯, শাহরিয়ার ২৩, রকিবুল ১৭, মমিনুল ১৪, মুশফিক ৬৯*, মেহরাব ৯*; মাশরাফি ১০-১-২৬-০ (নো ৩), সাজেদুল ৫-২-১৫-০, শফিউল ৯-০-৩৫-০, রাজ্জাক ২৩-১৪-৩৬-৪, মাহমুদউল্লাহ ১১-৩-২৭-০, মুক্তার আলী ৬-১-১৫-০)।