ম্যাচ জমিয়ে দিলেন শেবাগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারত তাকিয়ে ছিল তাঁর দিকেই। ভারতকে ম্যাচে ফেরালেন সেই বীরেন্দর শেবাগই। তবে যেভাবে হলো, সেটা হয়তো আশা করেননি শেবাগও। বড় একটা ইনিংস খেলে শেবাগ দলের রানটাকে শ্রীলঙ্কানদের ধরাছোঁয়ার বাইরে নিয়ে যাবেন, ভারতের আশা ছিল এমনটাই। সেই আশায় গুড়ে বালি কাল সাতসকালেই। তবে শেবাগ ম্যাচ জমিয়ে দিলেন শেষ বিকেলে বল হাতে, ফিরিয়ে দিলেন শ্রীলঙ্কার দুই ওপেনারকে। ৮ উইকেট হাতে নিয়ে শ্রীলঙ্কার লিড মাত্র ৩৪ রানের, ম্যাচ এখন গড়াতে পারে যেকোনো দিকেই।তবে উইকেটে যেভাবে টার্ন-বাউন্স পাওয়া যাচ্ছে, তাতে চতুর্থ ইনিংসে দুই শ রান তাড়া করাটাও খুব সহজ হবে না। সিরিজে সমতা ফেরাতে হলে আজ তাই নিজেদের সেরা বোলিংটা করতে হবে ওঝা-মিশ্রদের। সাঙ্গাকারা-জয়াবর্ধনেরা নিশ্চয়ই দাঁতে দাঁত চেপেই লড়াই করবেন। টেস্টে দ্রুততম ৮ হাজার রানের বিশ্ব রেকর্ড গড়ে দিন শেষ করেছেন সাঙ্গাকারা, তবে সিরিজে সাড়ে চার শ রান করা শ্রীলঙ্কান অধিনায়ককে সিরিজের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইনিংসটাই খেলতে হবে আজ।কাল ম্যাচের নিয়ন্ত্রণ এতবার হাতবদল হয়েছে যে, অনায়াসেই এটিকে বলা যায় সিরিজের সেরা দিন। দিনের প্রথম ওভারেই টেন্ডুলকারকে ফিরিয়ে দেন লাসিথ মালিঙ্গা। শততম টেস্ট উইকেট, সেটিও আবার টেন্ডুলকারের, মালিঙ্গার উদ্যাপন ছিল দেখার মতো। অফ স্টাম্পের অনেক বাইরের এক নিরীহ বলে জায়গায় দাঁড়িয়ে ব্যাট চালিয়ে আউট হওয়ার পর হতাশায় বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলেন ‘লিটল মাস্টার’। হতাশাটা আরও বাড়ার কথা টিভি রিপ্লে দেখার পর। কিছুক্ষণ পর আবারও সেই একই দৃশ্য, হতাশায় একজনের উইকেটে দাঁড়িয়ে থাকা। এবার শেবাগ। ২১তম টেস্ট সেঞ্চুরি করার পরপরই কী মনে করে হঠাত্ রণদিভকে উড়িয়ে মারতে গিয়ে ধরা পড়লেন কাভারে।শ্রীলঙ্কার দিকে হেলে পড়া ম্যাচ আবার ভারতের দিকে টেনে নেন লক্ষ্মণ-রায়না। পঞ্চম উইকেটে দুজন গড়েন এখন পর্যন্ত ম্যাচের একমাত্র শতরানের জুটি। টানা দুই ওভারে দুই হাফ সেঞ্চুরিয়ানকে ফিরিয়ে দিয়ে স্বাগতিকদের আবার ম্যাচে ফেরান অজন্তা মেন্ডিস। মালিঙ্গার বাউন্সারে ধোনিও আউট হয়ে যাওয়ার পর মনে হচ্ছির লিড পেয়েই যাচ্ছে শ্রীলঙ্কা। কিন্তু লোয়ার-অর্ডারদের দৃঢ়তায় লিড পেয়ে যায় ভারতই। অষ্টম উইকেটে দুই বোলার অভিমন্যু মিঠুন ও অমিত মিশ্র গড়েন ৬৪ রানের জুটি। অভিষেক ইনিংসে ৮ রানের পর দুই ইনিংসে ২৫, ৪১ রান করা মিঠুন এবার করেছেন ৪২। বোলারদের ব্যাটিং-সাফল্যে উজ্জীবিত হয়েই হয়তো বল হাতে জ্বলে উঠলেন শেবাগ। তথ্যসূত্র: টেন স্পোর্টস।