ম্যাচ জিতিয়ে বিদায়

রঞ্জি ট্রফিতে অভিষেকেই করেছিলেন সেঞ্চুরি। দারুণ হতো যদি বিদায়ী ম্যাচেও সেঞ্চুরি হতো। কিন্তু শচীন টেন্ডুলকারের সামনে কাল সেই সুযোগ ছিল না। তৃতীয় দিন শেষে সেঞ্চুরি থেকে ৪৫ রান দূরে দাঁড়িয়েছিলেন টেন্ডুলকার। আর জয়ের জন্য মুম্বাইয়ের দরকার ছিল ৪০ রান। কাজেই সেঞ্চুরির প্রশ্নই আসে না। তবে নিজের কাজটা করেছেন ঠিকঠাক। মাঠ ছেড়েছেন দলকে জিতিয়ে। আর ১৭৫ বলে অপরাজিত ৭৯ রানের ইনিংস খেলে বুঝিয়ে দিয়েছেন, লক্ষ্যটা বড় হলে ঘরোয়া ক্রিকেটের শেষটা সেঞ্চুরির রঙেই রাঙাতে পারতেন।
হরিয়ানার ছুড়ে দেওয়া ২৪০ রানের চ্যালেঞ্জ কতটা কঠিন ছিল, ম্যাচের স্কোরকার্ডেই সেটা স্পষ্ট। প্রথম ইনিংসে হরিয়ানার ১৩৪ রানের জবাবে মুম্বাই গুটিয়ে যায় ১৩৬ রানে। এমন উইকেটে চতুর্থ ইনিংসে ২৩৯ রান তাড়া করাটা কঠিন। ম্যাচ শেষে টেন্ডুলকারই বলেছেন, লক্ষ্যটা ২৪০ হলেও উইকেট বিবেচনায় সেটা ছিল আসলে ২৮০-এর মতো।
কাল দলের ৪০ রানের ২৪ রানই নিয়েছেন টেন্ডুলকার। মোহিত শর্মাকে চার মেরে ধবল কুলকার্নি জয়সূচক রান নেওয়ার পর দু হাত উচিয়ে প্রথম জয়োল্লাস শুরু করেন টেন্ডুলকারই। দৌড়ে গিয়ে জড়িয়ে ধরেন সঙ্গীকে। চ্যাম্পিয়নের বিদায়টা হলো চ্যাম্পিয়নের বেশেই।
প্রতিপক্ষ খেলোয়াড়, আম্পায়ারদের সঙ্গে অভিনন্দন শেষে মাঠ থেকে বেরিয়ে আসার পথে মুম্বাই সতীর্থরা তাঁকে তুলে নেন কাঁধে। প্রতিপক্ষ হরিয়ানার খেলোয়াড়েরা দুই পাশে সার বেঁধে দাঁড়িয়ে আগের দিনই দিয়েছিলেন গার্ড অব অনার। ঘরোয়া ক্রিকেটে টেন্ডুলকারের শেষ ম্যাচ বলে প্রতিদিনই লাহলির বংশীলাল স্টেডিয়ামের গ্যালারিতে ছিল উপচে পড়া ভিড়। দর্শকদের ভালোবাসায় সিক্ত টেন্ডুলকার তার প্রতিদান দিয়েছেন ধন্যবাদ জানিয়ে। ঘরোয়া ক্রিকেটের অধ্যায় শেষ করে ভারতের লিটল মাস্টারের দৃষ্টি এখন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জীবনের শেষ দুটি ম্যাচের দিকে। ওয়েবসাইট।