ম্যাচ জিতে দুইয়ে শ্রীলঙ্কা
এক ঢিলে দুই পাখি মেরেছে শ্রীলঙ্কা। সিরিজে টিকে থাকতে জয় ছাড়া উপায় ছিল না। পরশু হাম্বানটোটায় অস্ট্রেলিয়াকে ৭৮ রানে হারিয়ে সিরিজটা বাঁচিয়ে রেখেছে শ্রীলঙ্কা। একই সঙ্গে উঠে এসেছে ৎঙ্কিংয়ের দুই নম্বরেও। এক নম্বরে এখনো বহাল তবিয়তে অস্ট্রেলিয়া (১৩১)। পরশুর ম্যাচ জিতে ভারত (১১৭) ও দক্ষিণ আফ্রিকাকে (১১৬) টপকে শ্রীলঙ্কা উঠেছে দুইয়ে (১১৮)। চতুর্থ ম্যাচ হারলে আবার ৎঙ্কিংয়ে অবনমন হবে। তবে সে পর্যন্ত তো উদ্যাপনে বাধা নেই!ব্যাটিং-বোলিংয়ে দুজনের দুর্দান্ত পারফরম্যান্স পরশু বড় জয় এনে দিয়েছে শ্রীলঙ্কাকে। এক পাশ ধরে রেখে খেলেছেন ওপেনার উপুল থারাঙ্গা। দিলশানের সঙ্গে ১৩৯ রানের উদ্বোধনী জুটির পর দ্বিতীয় উইকেটে কুমার সাঙ্গাকারার সঙ্গে যোগ করেন আরও ৮১ রান। থারাঙ্গা তুলে নেন বছরের চতুর্থ আর ক্যারিয়ারের দ্বাদশ সেঞ্চুরি। শ্রীলঙ্কা তোলে ২৮৬। বল হাতে লাসিথ মালিঙ্গা শুরুতেই তুলে নেন শেন ওয়াটসনকে। অভিষিক্ত শামিন্দা ইরাঙ্গা তুলে নেন ব্রাড হাডিন ও ফর্মে থাকা পন্টিংকে। দ্বিতীয় স্পেলে ফিরে মালিঙ্গা আউট করেন ক্লার্ককে। শেষ স্পেলে আরও ৩টি উইকেট নিয়ে শেষ করে দেন অস্ট্রেলিয়ার ইনিংস।ম্যাচ জিতে প্রথমে ব্যাটসম্যানদেরই কৃতিত্ব দিয়েছেন লঙ্কান অধিনায়ক দিলশান, ‘প্রথম ১০ ওভার ছিল গুরুত্বপূর্ণ। আমরা চাইছিলাম, এই সময়টুকু কোনো রকমে পার করে দিতে। পরের ব্যাটসম্যানরাও ভালো করেছে। আমাদের ধারণা ছিল, ২৬০ রানই এই উইকেটে ভালো স্কোর এবং আমরা সেটা প্রমাণ করেছি। অভিষেকে ইরাঙ্গা ভালো বোলিং করেছে, মালিঙ্গা তো সব সময়ই দুর্দান্ত।’অস্ট্রেলিয়ার অধিনায়ক ক্লার্ক পরাজয়ের জন্য দায়ী করেছেন ব্যাটিং-ব্যর্থতাকেই, ‘টপ-অর্ডারে আমরা ভালো ব্যাটিং করতে পারিনি। কোনো অজুহাত নেই। যতটা ভালো প্রয়োজন ছিল, আমরা ততটা ভালো করতে পারিনি এবং আমরা সেটা জানি। আগামী কয়েক দিন আমাদের আরও কঠোর পরিশ্রম করতে হবে।’ পাঁচ ম্যাচ সিরিজের চতুর্থটি আগামী পরশু, প্রেমাদাসায়। ওয়েবসাইট।