ম্যাচ জেতানো জুটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাহমুদউল্লাহ আর শফিউলের নাম নিশ্চয়ই চিরস্মরণীয় থাকবে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে। তাঁদের অবিচ্ছিন্ন ৫৮ রানের জুটির কারণে। এই দুজন কিন্তু রেকর্ডের সংক্ষিপ্ত তালিকাতেও লিখে ফেলেছেন নিজেদের নাম। রান তাড়া করে জেতা ম্যাচগুলোয় নবম উইকেটে এটি পঞ্চম সর্বোচ্চ জুটি। তালিকায় সবার ওপরে মালিঙ্গা-ম্যাথুসের সেই অবিশ্বাস্য ১৩২ রানের জুটি। গত নভেম্বরে মেলবোর্নে অস্ট্রেলিয়ার বেঁধে দেওয়া ২৪০ রান তাড়া করতে নেমে ১০৭ রানে ৮ উইকেট হারিয়ে ফেলে শ্রীলঙ্কা। সেই সময় দুই ‘ম’ মিলে ঘুরিয়ে দেন ম্যাচ। ৪৮ বলে ৫৬ রান করে মালিঙ্গা যখন আউট হন, শ্রীলঙ্কার জয়ের জন্য প্রয়োজন ছিল মাত্র এক রান! পরের জুটিটিও অস্ট্রেলিয়ার বিপক্ষে। ২০০৫ সালে ক্রাইস্টচার্চে ম্যাককালাম আর ভেট্টোরি মিলে ৭৪ রানের জুটি গড়ে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। ম্যাচ জেতানো নবম উইকেট জুটির পরের তিনটিই ইংল্যান্ডের বিপক্ষে। অস্ট্রেলিয়ার বেভান-বিকেলের অবিচ্ছিন্ন ৭৩, ওয়েস্ট ইন্ডিজের ব্র্যাডশ-ব্রাউনের অবিচ্ছিন্ন ৭১; এর পরই মাহমুদউল্লাহ-শফিউল।