কটা গোল হতে পারত ম্যাচে?পাঁচ? সাত? দশ?হয়তো তার চেয়েও বেশি। কিন্তু হলো মাত্র চারটি! বিস্ময়সূচক চিহ্নটি এ কারণেই। নর্দার্ন মারিয়ানা আইল্যান্ড মাঠে নেমেছে দাঁতে দাঁত চেপে গোল ঠেকাতে। বাংলাদেশ খেলেছে গোলবন্যা বইয়ে দিতে। গোলবন্যা হয়নি। তাহলে জয়ী কারা? মারিয়ানা আইল্যান্ডই! পেনাল্টি নষ্ট করে টেনেটুনে ৪-০ স্কোরলাইন করল বাংলাদেশ। প্রথমার্থে ২ গোল। তৃতীয় ও চতুর্থ গোল শেষ ৮ মিনিটে। ভাগ্যিস, এই দুটি গোল হয়েছে। নইলে তো মুখ দেখাতে পারত না বাংলাদেশ!তবু ৪ গোল লাল-সবুজের কাছে হারেরই সমান। জিতেও বাংলাদেশ দলে উচ্ছ্বাস নেই। সবার আফসোস, আরও বেশি গোল কেন হলো না!সেটি খুব দরকার ছিল। এই এএফসি চ্যালেঞ্জ কাপে অন্তত গ্রুপ রানার্সআপ হয়ে চূড়ান্ত পর্বে যেতে এদিন ‘যত পারো গোল করো’ সমীকরণ ছিল বাংলাদেশের সামনে। গুরুত্বপূর্ণ হয়ে ওঠা ম্যাচে বাংলাদেশ একাদশে পরিবর্তন ছিল একটি। ডিফেন্ডার কেষ্টর বদলে মিঠুন চৌধুরী।মোটামুটি আটঘাট বেঁধেই নামল বাংলাদেশ। এমন ম্যাচে যেভাবে শুরু দরকার ছিল, সেভাবেই হয়েছে। ম্যাচ শুরুর মাত্র ৪০ সেকেন্ডে প্রথম গোল! মিঠুনের ক্রসে তকলিচের হেড জালে। এএফসি গোলটা দেখিয়েছে দ্বিতীয় মিনিটে। তবে আন্তর্জাতিক ফুটবলে এটা বাংলাদেশের দ্রুততম গোলই।রেকর্ড দিয়ে ম্যাচ শুরু। কিন্তু পরপর গোলের জন্য রীতিমতো যুদ্ধ। বৃষ্টির মতোই গোল-উৎসব করবে বাংলাদেশ—পূর্বাভাসটা সঠিক হলো কই?হয়নি। ১০ মিনিটে পেনাল্টি নষ্ট করলেন শাখাওয়াত। ৪০ মিনিটে কোমলের তুলে দেওয়া বলে সেই শাখাওয়াতেরই হেডে ২-০। ৮৫ মিনিটে গড়ানো শটে তকলিচ করলেন নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোল। অতিরিক্ত সময়ে লিংকনের শটে ৪-০।বাংলাদেশকে ‘আটকে’ মারিয়ানা ভি চিহ্ন দেখাল। লাল-সবুজের কঠিন আক্রমণের গ্রাস থেকে নিজেদের রক্ষা করার শপথ ছিল ছোট্ট দ্বীপদেশটার। নেপাল ও ফিলিস্তিনের কাছে ৬-০ এবং ৯-০ হার দলটাকে অনেক ‘শিখিয়েছে’। সেটিই বাংলাদেশের সামনে মাথা তুলে দাঁড়াতে সাহায্য করেছে পুঁচকে দলটাকে।এমনই যে মারিয়ানা ১০ জন খেলোয়াড় রক্ষণে রেখেছে। বক্সের ঠিক ওপরে একই সমান্তরালে দাঁড়িয়ে সবাই। যেন বাংলাদেশকে বলছে, ‘পারলে গোল করো।’ একটা সময় বল বের করার জায়গায়ই পাচ্ছিল না বাংলাদেশ। ফাঁকফোকর যা বেরিয়েছে, বাংলাদেশের খেলোয়াড়েরা অনেক এলোমেলো শট নিয়েছেন। বেশি গোল না হওয়ার এটিও অন্যতম কারণ। ম্যাচের গতি ছিল খুবই ধীর। যেন ঘুমপাড়ানি ফুটবল! অপেশাদার, শৌখিন এক দল সামনে। পরিস্থিতির দাবি মেটাতে মারিয়ানার চেয়ে দুর্বল দল বোধ হয় আর পাওয়া সম্ভব ছিল না। সেটি পেয়েও গোল করাটা হয়ে পড়ল কঠিনতম কাজ। প্রত্যাশা অনুযায়ী গোল না আসায় অবসাদ পেয়ে বসছিল বাংলাদেশের খেলোয়াড়দের। কখনো কখনো হেলেদুলে বল বাড়িয়েছেন খেলোয়াড়েরা, যা দেখে বারদুয়েক খেপে গিয়েছিলেন আপাত শান্ত কোচ লোডভিক ডি ক্রুইফ। মারিয়ানার কোচ কো চুপচাপ বসে উপভোগ করেছেন দলের খেলা। ম্যাচের পর নিশ্চয়ই গোলরক্ষক ইয়োহান থমাসকে কাঠমান্ডুর সুস্বাদু খাবার মো মো (শিঙাড়াজাতীয় সেদ্ধ খাবার) খাওয়াতে নিয়ে গেছেন। টাক মাথার ৩৯ বছর বয়সী ইয়োহান ক্ষণে ক্ষণে চীনের প্রাচীর হয়ে দাঁড়িয়ে যান পোস্টের নিচে। দলের টেকনিক্যাল ডিরেক্টর ইয়োহানের হাতে বোধ হয় চুম্বক-টুম্বক ছিল কাল!এই ইয়োহানই মারিয়ানার শক্তি। যুক্তরাষ্ট্রের অপেশাদার লিগে খেলা এই মাঝবয়সী দারুণভাবে রুখে দিয়েছেন অনেক আক্রমণ। ফিলিস্তিনের বিপক্ষে একটা পেনাল্টি বাঁচান। কালও পেনাল্টি আটকে দলের ‘হিরো’! হাস্যকর এবং একতরফা ম্যাচে বাংলাদেশ কর্নার পেয়েছে ২১টি। মারিয়ানার বক্সেই বল ছিল সারাক্ষণ। দু-তিনবার এসেছে বাংলাদেশের বক্সে। এই সুযোগে মারিয়ানা প্রায় গোল পেয়েই যাচ্ছিল। ৭০ মিনিটে স্ট্রাইকার উইলিয়ামের শট লাগল বাংলাদেশের পোস্টে! মারিয়ানা ওই গোল পেলে দ্বীপদেশটায় বোধ হয় জাতীয় ছুটি ঘোষণা হয়ে যেত এতক্ষণে!বাংলাদেশ দল: সোহেল, নাসির, ওয়ালি, লিংকন, মিশু, মামুনুল, সোহেল রানা, কোমল (শাকিল), মিঠুন (রায়হান), তকলিচ, শাখাওয়াত।