ম্যাচ পাতানো বিতর্কে নিউজিল্যান্ডে তোলপাড়
ম্যাচ পাতানো নিয়ে সানডে টাইমস-এর অনুসন্ধানী প্রতিবেদনে ক্রিকেট-বিশ্বে তোলপাড়। বাজিকরদের মুখ থেকে বক্তব্য এসেছে প্রায় সব দেশের ক্রিকেটারদের জড়িয়ে। তবে তারা নাকি ব্রিটিশ পত্রিকাটির কাছে নির্দিষ্ট করে নিউজিল্যান্ডের দুজন ক্রিকেটারের কথা উল্লেখ করেছেন। পত্রিকাটি এদের নাম উল্লেখ না করে লিখেছে ২০১০ সালের দিকে তাঁরা জড়িত ছিলেন ম্যাচ পাতানোয়। আর এতে ব্যাপক প্রতিক্রিয়া হয়েছে নিউজিল্যান্ডে।ম্যাচ পাতানোয় কোনো নিউজিল্যান্ড ক্রিকেটার জড়িত থাকার কথা সরাসরি অস্বীকার করেছে নিউজিল্যান্ড ক্রিকেট। নিউজিল্যান্ডের কোচ জন রাইটও দাঁড়িয়েছেন খেলোয়াড়দের পাশে। তিনি অভিযোগটাকে ‘সাক্ষ্য-প্রমাণহীন গুজব’ বলে উড়িয়ে দিয়েছেন। আরেক সাবেক ক্রিকেটার ক্রেগ ম্যাকমিলান ভারতীয় বাজিকরদের উদ্দেশে বলেছেন, ‘প্রমাণ দাও নইলে চুপ থাকো।’ ১৯৯৬ থেকে ২০০৭ পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেট খেলা ম্যাকমিলান বলেছেন, ‘এগুলো আমরা আগেও শুনেছি এবং গুজবটা আবারও ডালাপালা ছড়াচ্ছে।’কিউই ক্রিকেটারদের বিরুদ্ধে অভিযোগ ওঠায় ‘কিছুটা অবাক’ স্কট স্টাইরিস। তাঁর কাছে মনে হচ্ছে, এটা হাওয়া থেকে পাওয়া। তবে এঁদেরই আরেক সতীর্থ ইয়ান ও’ব্রায়েনের দাবি ভারত, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডে তিনি ‘সন্দেহজনক’ অনেক কিছুই হতে দেখেছেন। যদিও ২২টি টেস্ট খেলা এই ক্রিকেটার কখনোই বাজিকরদের কাছ থেকে কোনো প্রস্তাব পাননি বলেই জানিয়েছেন। তাঁর কোনো সতীর্থ জড়িত কি না—এমন প্রশ্নের জবাবে নিউজিল্যান্ডের সর্বাধিক প্রচারিত দৈনিক নিউজিল্যান্ড হেরাল্ডকে বলেছেন, ‘আমি কারও নাম জানি না, তবে আমি নিশ্চত, কেউ না কেউ ছিল। থাকতেই হবে। যদি ভেবে থাকেন কেউই জড়িত ছিল না, তবে আপনি খুবই সরল মনের মানুষ।’অবসর নেওয়া এই পেস বোলার নিউজ অব দ্য ওয়ার্ল্ড-এর মতো অভিযান চালাতে বলেছেন নিজ দেশের সংবাদমাধ্যমে।এদিকে সানডে টাইমস-এর বিরুদ্ধে মামলা করতে যাচ্ছেন নূপুর মেহতা। ম্যাচ পাতানোর প্রতিবেদনে তাঁর ছবি ব্যবহার করা হয়েছে বলে খেপেছেন বলিউডের এই স্বল্প পরিচিত অভিনেত্রী। ওয়েবসাইট।