ম্যাচ পাতানোর দায়ে মোগির জেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফুটবলবিষয়ক কর্মকাণ্ড থেকে আজীবন নিষিদ্ধ হয়েছিলেন আগেই। ইতালিতে ম্যাচ পাতানো কেলেঙ্কারির হোতা লুসিয়ানো মোগিকে এবার যেতে হচ্ছে জেলেও। দোষী প্রমাণিত হওয়ায় জুভেন্টাসের সাবেক মহাব্যবস্থাপককে গত মঙ্গলবার ৫ বছর চার মাসের জেল দিয়েছেন নেপলসের এক আদালত। ম্যাচ পাতানো অপকর্মের মতো লাল দালানেও মোগি সঙ্গী হিসেবে পাবেন ফিওরেন্তিনার মালিক আন্দ্রেয়া ও দিয়েগো দেল্লা ভাল্লে এবং লাৎসিওর সভাপতি ক্লদিও লতিতোকেও। এই দুজনের জেল হয়েছে ১৫ মাসের। সাবেক রেফারি কমিটির নির্বাচক পাওলো বারগামোর জেল হয়েছে ৩ বছর আট মাসের। ম্যাচ পাতানো কেলেঙ্কারিতে অপরাধী প্রমাণিত হওয়া ১৬ জনের মধ্যে সাজা হয়েছে ৮ জনের, ছাড়া পেয়েছেন বাকি ৮ জন।২০০৫ ও ২০০৬ সালে ইতালিয়ান সিরি ‘আ’তে ধুম পড়ে যায় পাতানো ম্যাচ খেলার। ২০০৬ সালে বিষয়টি ধরা পড়ার পর জুভেন্টাসের কাছ থেকে ওই দুই মৌসুমের লিগ শিরোপা কেড়ে নেওয়া হয়। সিরি ‘আ’র সবচেয়ে সফল দলটিকে সিরি ‘বি’তেই নামিয়ে দেওয়া হয়। ইতালির শীর্ষ তিন ক্লাবের আরেকটি এসি মিলানের পয়েন্ট কাটা হয়, পয়েন্ট কাটা হয় ফিওরেন্তিনা, লাৎসিও, রেজিনারও। পরে বিষয়টি গড়ায় আদালতে। কয়েক মাস আগে আদালতের রায়ের ভিত্তিতেই মোগিকে আজীবন নিষিদ্ধ করে ইতালিয়ান ফুটবল ফেডারেশন। এবার তো পেলেন কারাদণ্ডই। অবশ্য দণ্ডিত অপরাধীদের প্রত্যেকেরই সুযোগ আছে শাস্তির বিপক্ষে আপিল করার। মোগির আইনজীবীরা এরই মধ্যে জানিয়েও দিয়েছেন, তাঁরা আপিল করবেন। এএফপি, ওয়েবসাইট।