ম্যাচ পাতানোর শাস্তি এমনই
ম্যাচ পাতানো নিয়ে এখনো উত্তপ্ত বাংলাদেশের ফুটবল অঙ্গন। শাস্তি যথেষ্ট কঠোর হলো কি না, এ নিয়ে চলছে বিতর্ক। ইতালির উদাহরণ তো আছেই। চাইলে ম্যাচ পাতানো নিয়ে আরও দুটি দেশের সাম্প্রতিক ঘটনাপ্রবাহ দেখে বাফুফে ধারণা পেতে পারে, এই জঘন্য অপরাধের শাস্তিটা কেমন হওয়া উচিত। ম্যাচ পাতানো নিয়ে কিছুদিন ধরে টালমাটাল তুরস্ক ও দক্ষিণ কোরিয়ার ফুটবলও। দুই দেশের ফুটবল সংস্থাও কঠোর ব্যবস্থা নিচ্ছে। তুরস্কের শীর্ষ দল ফেনারবাচের চেয়ারম্যান আজিজ ওয়াইলদিরিমকে গত সপ্তাহে আটক করেছিল পুলিশ। জিজ্ঞাসাবাদের পর পরশু জেলে পাঠিয়ে দেওয়া হয়েছে তাঁকে। এর কয়েক ঘণ্টা পর পুলিশ আটক করেছে আরেক শীর্ষ দল ট্রাবজনস্পরের চেয়ারম্যান সাদরি সেনেরকে। তুর্কি ফুটবল ফেডারেশনের সাবেক প্রধান সেনের দেশের প্রভাবশালী ফুটবল কর্তাদের একজন।ফেনারবাচের ভাইস প্রেসিডেন্ট ও অর্থবিষয়ক প্রধানকে কারগারে পাঠানো হয়েছে আগেই। গত সপ্তাহে সন্দেহভাজন যে ৬১ জনকে আটক করা হয়েছিল, তাঁদের ২৬ জনকে পাঠানো হয়েছে কারাগারে। গত মৌসুমে ট্রাবজনস্পরকে গোল-পার্থক্যে পেছনে ফেলে শেষ ম্যাচে রেকর্ড ১৮তম শিরোপা জেতে ফেনারবাচে। তবে ওই শিরোপাটা এখন কেড়ে নেওয়ারও চিন্তাভাবনা চলছে। চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে আগামী শুক্রবারের আগেই। ইউরোপিয়ান প্রতিযোগিতাগুলোয় তুরস্কের কোন দল অংশ নেবে, এটা উয়েফাকে জানানোর শেষ তারিখ ওই দিনই। শুধু কর্মকর্তারা নন, ফুটবলাররাও যে খেলাটাকে দূষিত করতে পারতেন, এর প্রমাণ দক্ষিণ কোরিয়া। কে-লিগে ১৫টি ম্যাচ পাতানোর দায়ে ৪৬ জন ফুটবলারকে গত সপ্তাহে গ্রেপ্তার করেছে পুুলিশ। ১০ জন ফুটবলার ইতিমধ্যে আজীবন নিষিদ্ধ হয়েছেন, একজন ৫ বছর। ১১ জন দালালের বিরুদ্ধেও অভিযোগ গঠন করা হয়েছে, যাঁদের মধ্যে আছেন কজন সাবেক ফুটবলারও। সন্দেহভাজন ফুটবলারদের লাই-ডিটেক্টরের মুখোমুখি করার কথাও ভাবা হচ্ছে। একটি সংবাদ সংস্থার খবর, কে-লিগে ফুটবলারদের দুর্নীতির প্রবণতা রোধে তাঁদের বেতন দ্বিগুণ করা হবে এবং চালু করা হবে ফুটবলারদের কল্যাণে নতুন একটি প্রকল্প। তথ্যসূত্র: এএফপি, রয়টার্স।