ম্যাচ পাতানোর শাস্তি ১০ বছরের জেল!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শুধু ইংল্যান্ডেই আছে আইনটি, অন্য কোথাও নেই। অন্য কোথাও ম্যাচ বা ম্যাচের অংশবিশেষ পাতানো হলে ক্রিকেটীয় শাস্তি যদিও বা মেলে, কিন্তু সেটি ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য হয় না। এ কারণে কারাদণ্ড থেকে বেঁচে যায় অপরাধী ক্রিকেটার। তবে ইংল্যান্ডের দৃষ্টান্ত এবার অনুসরণ করছে অস্ট্রেলিয়া। ম্যাচ পাতানো হলে সর্বোচ্চ ১০ বছর শাস্তির বিধান রেখে আইন তৈরির পরিকল্পনা করা হচ্ছে। এ ব্যাপারে সম্মত হয়েছেন দেশটির বিভিন্ন রাজ্য ও টেরিটরির আইনমন্ত্রীরা।শুধু ক্রিকেট নয়, এই শাস্তি প্রযোজ্য হবে সব ধরনের পাতানো খেলায় জড়িত খেলোয়াড়ের জন্য। ম্যাচ বা ম্যাচের অংশবিশেষ পাতানোয় জড়িত খেলোয়াড়েরা তো বটেই, এর সঙ্গে জড়িত কিংবা এটির উৎসাহদাতাদেরও শাস্তি পেতে হবে। অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মার্ক আরবিব বলেছেন, ‘ম্যাচ পাতানোর বিরুদ্ধে এমন আইন চালু করা হলে সেটি খেলার মধ্যে অবৈধ কিছু করতে চায়, এমন সবাইকেই এই বার্তা দেবে যে, এখন থেকে আর হালকা শাস্তিতেই পার পাওয়া যাবে না। যেতে হবে জেলে।’এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে সবাই। আশা করা হচ্ছে, দ্রুতই অস্ট্রেলিয়ার সব রাজ্য ও অঞ্চলে এই নিয়ম কার্যকর হবে। এএফপি।