ম্যাচ পাতানোর ‘কাহিনি’ আমাকে ক্ষতিগ্রস্ত করেছিল: শচীন
ঘটনাটা ১৯৯৯-২০০০ মৌসুমের। অস্ট্রেলিয়া সফরে গিয়ে টেস্ট সিরিজে ৩-০তে বিধ্বস্ত হয়েছিল ভারত। অভিযোগ ওঠে, ম্যাচ পাতিয়েছে ভারত। এরপর কেটে গেছে প্রায় এক যুগ। এত দীর্ঘ সময় পর প্রথমবারের মতো শচীন টেন্ডুলকার স্বীকার করেছেন, সেবারের ম্যাচ পাতানোর ‘কাহিনি’ তাঁর খেলাকে ক্ষতিগ্রস্ত করেছিল।সুপার স্পোর্ট চ্যানেলের জন্য দেওয়া সাক্ষাত্কারে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের সাবেক প্রেসিডেন্ট আলী বাখারকে শচীন বলেন, ‘ক্রিকেট আমার প্রাণ। আমি সব সময় চেয়েছি, এই প্রাণের খেলাকে পরিচ্ছন্ন রাখতে। চেয়েছি, দর্শকেরা ক্রিকেট উপভোগ করুক। অথচ অস্ট্রেলিয়া সফরে তাঁরা আমাদের দিকে সন্দেহের চোখে তাঁকিয়েছে। এমন দম বন্ধ করা পরিস্থিতিতে ভালো খেলা সম্ভব নয়। আমি আপনাকে বলতে পারি, ওই ম্যাচ পাতানোর কাহিনি আমাকে ক্ষতিগ্রস্ত করেছিল। খেলা চালিয়ে যাওয়ার মানসিক অবস্থা আমার ছিল না।’ম্যাচ পাতানোর মতো কোনো ঘটনা ঘটেনি দাবি করে শচীন বলেন, ‘আমি আপনাকে নিশ্চিত করে বলতে পারি, ম্যাচ পাতানোর প্রস্তাব নিয়ে কেউ আমার কাছে আসেনি। দলের বৈঠকেও এসব নিয়ে আলোচনা হতে কখনো শুনিনি।’সেই সফরের স্মৃতিচারণা করে ভারতের এই লিটল মাস্টার আরও বলেন, ‘অস্ট্রেলিয়া সফরটা আমাদের জন্য ছিল দুর্বিষহ। একটি করে ম্যাচ খেলেছি, আর লোকে আমাদের নিয়ে বাজে মন্তব্য করেছে। এটা আমাকে ও আমার দলকে খুব বেশি কষ্ট দিয়েছে।’ পিটিআই।