ম্যাচ পাতায়নি ক্যামেরুন
বিস্মরণযোগ্য বিশ্বকাপ অভিযান শেষ আগেই। অপ্রাপ্তি-গ্লানির কফিনে শেষ পেরেক ঠুকে দিয়েছিল ম্যাচ পাতানোর অভিযোগ। তবে ফিফা শেষ পর্যন্ত আনুষ্ঠানিক বিবৃতিতে জানিয়েছে, তারা ম্যাচ পাতানোর প্রমাণ পায়নি। শুধু ক্যামেরুনের ম্যাচ নয়, এবারের বিশ্বকাপে এ পর্যন্ত হওয়া ৫৬টি ম্যাচের কোনোটিতেই এ রকম কোনো কিছু পাওয়া যায়নি বলে জানিয়েছেন ফিফার মুখপাত্র দেলিয়া ফিশার। এএফপি।
অভিযোগ উঠেছিল, সিঙ্গাপুরের এক বাজিকর নাকি ম্যাচের আগে বলেছিলেন, গ্রুপপর্বে ক্যামেরুন হারবে ক্রোয়েশিয়ার কাছে। স্কোরলাইন হবে ৪-০। শুধু তা-ই নয়, প্রথমার্ধে লাল কার্ড দেখে বের হয়ে আসবেন ক্যামেরুনের এক খেলোয়াড়। ম্যাচ শেষে হুবহু মিলে গিয়েছিলও এসব ‘পূর্বাভাস’। ক্যামেরুন ফুটবল ফেডারেশন তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তদন্তের ঘোষণা দিয়েছিল। শেষ পর্যন্ত ফিফার বিবৃতিতে সব শঙ্কা দূর হয়েছে।
বেতন-ভাতা নিয়ে বিরোধের জের ধরে ব্রাজিলগামী বিমানে উঠতে অস্বীকৃতি জানানো থেকে শুরু করে গ্রুপপর্বের তিনটি ম্যাচেই হার, লাল কার্ড দেখা—অদম্য সিংহরা ব্রাজিল বিশ্বকাপের স্মৃতি ভুলেই যেতে চাইবে নিশ্চয়ই?