ম্যাচ পাতিয়েছিলেন কানেরিয়া!
২০০০ সালের ৭ এপ্রিল দিল্লি পুলিশ ভয়ংকর এক দুঃসংবাদ দিয়েছিল ক্রিকেট বিশ্বকে। জানিয়ে দিয়েছিল, কীভাবে তারকা ক্রিকেটাররা জড়িয়ে পড়েছেন বাজিকরদের সঙ্গে। পা বাড়িয়েছেন অন্ধকার এক জগতে। সেই ঘটনার এক দশক পূর্তি হলো যখন, ঠিক সেই সময় ম্যাচ পাতানোর অভিযোগ উঠল দানিশ কানেরিয়ার বিরুদ্ধে!জাতীয় দলের হয়ে অবশ্য নয়, ইংলিশ কাউন্টি দল এসেক্সের হয়ে খেলার সময় গত মৌসুমে ম্যাচ পাতানোর সঙ্গে কানেরিয়া এবং আরও একজন খেলোয়াড় জড়িত ছিলেন বলে সন্দেহ করছে পুলিশ। পাকিস্তানি লেগ স্পিনার তাই জেরার মুখোমুখি হতে পারেন।গত মৌসুমে বেশ কিছু ওয়ানডে ম্যাচে ‘অনিয়ম’ খুঁজে পেয়েছে পুলিশ। পরশু এক বিবৃতিতে এসেক্স পুলিশ জানায়, ‘ম্যাচে অনিয়মের সঙ্গে এসেক্স কাউন্টি ক্রিকেটের দুজন খেলোয়াড়ের জড়িত থাকার অভিযোগ আমরা পেয়েছি। আমরা তদন্ত শুরু করে দিয়েছি। এসেক্স কাউন্টি ক্রিকেট ক্লাব এবং ইংলিশ ক্রিকেট বোর্ডের সঙ্গে এ ব্যাপারটি নিয়ে কাজ করছি।’পরশু নতুন কাউন্টি মৌসুম শুরুর দিনই এই খবর জানানো হলো। ‘অনিয়ম’ বলতে আসলে কী ধরনের ব্যত্যয় সেটি আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। তবে ক্লাবের সূত্র জানিয়েছে, ম্যাচ পাতানোরই অভিযোগ উঠেছে কানেরিয়া এবং দলের অখ্যাত আরেক ক্রিকেটারের বিরুদ্ধে। অন্য ক্রিকেটারের নাম অবশ্য জানা যায়নি।এই খবরটা এল এমন দিনে, যেদিন কাউন্টি চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী ম্যাচে এসেক্স মুখোমুখি হয়েছে হ্যাম্পশায়ারের। প্রথম দিনের খেলা শেষে সব খেলোয়াড়কে ড্রেসিংরুমে ডেকে নিয়ে সংক্ষেপে ঘটনাটা জানানো হয়। অভিযোগ প্রমাণিত হলে এসেক্সের হয়ে আর খেলা তো হবেই না, শেষ হয়ে যেতে পারে কানেরিয়ার আন্তর্জাতিক ক্যারিয়ারও।ইংলিশ দৈনিক দ্য সান জানিয়েছে, ওই দুই খেলোয়াড় ঠিক ম্যাচ ছেড়ে দেওয়ার জন্য বাজিকরদের কাছ থেকে টাকা নেননি। ইচ্ছে করে বাজে বোলিং কিংবা ওয়াইড-নো দিয়ে ম্যাচ-পরিস্থিতি প্রভাবিত করেছেন। ৪০ ওভারের ওয়ানডে টুর্নামেন্টটি ঘিরে ভারতে কোটি কোটি টাকার জুয়ার খেলা চলে বলে ওই প্রতিবেদনে জানানো হয়েছে।বিষয়টি এখনো তদন্তে আছে বলে এ ব্যাপারে আনুষ্ঠানিক মন্তব্য করতে অপারগতা প্রকাশ করেছেন এসেক্সের কর্মকর্তারা। কোচ পল গ্রেসনও কোনো মন্তব্য করতে রাজি হননি। পাওয়া যায়নি কানেরিয়ার বক্তব্যও। ‘লঘু অপরাধে গুরু দণ্ড’ নীতি নেওয়া পাকিস্তান ক্রিকেট বোর্ড যখন তাদের সাত খেলোয়াড়কে নিষিদ্ধ কিংবা বড় অঙ্কের জরিমানা করেছে, এই পরিস্থিতিতে কানেরিয়ার বিরুদ্ধে ওঠা ম্যাচ পাতানোর মতো গুরুতর এই অভিযোগের পরিণতি কী হয়, সেটাই এখন দেখার। ওয়েবসাইট।