ম্যাচ ফিক্সিংয়ের অন্ধকার জগৎ
৩০ মার্চ ২০১১। এ দিন মোহালিতে বিশ্বকাপ সেমিফাইনালে মুখোমুখি হয় দুই চির-বৈরী দেশ ভারত ও পাকিস্তান। তবে ম্যাচটি মাঠে গড়ানোর আগেই ভারতীয় জুয়াড়িরা জেনে ফেলেছিলেন, পাকিস্তানের ইনিংস চলার সময় কখন কী হবে! নিজের লেখা বইয়ে এ দাবি করেছেন ব্রিটিশ ক্রীড়া সাংবাদিক এড হকিন্স। হকিন্সের দাবি, ভারতের ইনিংস চলার সময় ভারতীয় এক জুয়াড়ি তাঁকে টুইটারে একটি বার্তা পাঠিয়েছিলেন। বার্তায় বলা হয়, পাকিস্তান ব্যাট করার সময় খুব দ্রুত ১০০ রান তুলবে। এর পর দ্রুত দুটি উইকেট হারাবে। দলীয় ১৫০ রানের মধ্যে পাঁচটি উইকেটের পতন ঘটবে এবং শেষ পর্যন্ত ২০ রানের বেশি ব্যবধানে হেরে যাবে পাকিস্তান। জুয়াড়ির কথা মিথ্যে হয়নি।এড হকিন্সের বইয়ে ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে প্রশ্ন ওঠায় ফিক্সিংয়ের অতীত অধ্যায়টা আরেকবার আলোচনায় উঠে এসেছে। ফিক্সিংয়ের নানা ঘটনা, এর অন্ধকার জগত্ নিয়ে প্রচ্ছদ প্রতিবেদন করেছে ভারতীয় সাময়িকী ‘ইন্ডিয়া টুডে’।ভারত-পাকিস্তান বিশ্বকাপ সেমিফাইনাল নিয়ে কথা:এড হকিন্স তাঁর বইয়ে লিখেছেন, এ বছরের এপ্রিলে ম্যাচটি নিয়ে তদন্ত শুরু করে পাকিস্তানের দুটি গোয়েন্দা সংস্থা আইএসআই ও এফআইএ। ওই সময় করাচিভিত্তিক আইনজীবী জনৈক করিম সগর্বে ঘোষণা দেন, মোহালির ‘রহস্য’ উন্মোচন করা হবে!করিমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন এড হকিন্স। এক সপ্তাহ চেষ্টার পর স্কাইপের মাধ্যমে যোগাযোগ সম্ভব হয়। ৯০০ বারের বেশি তাঁদের মধ্যে কথোপকথন হয়। ই-মেইল বিনিময় হয় ৪৪টি। হকিন্স ও করিমের আলোচনার মূল বিষয় ছিল কেন ম্যাচটি পাতানো হতে পারে এবং কারা পাতানোর সঙ্গে জড়িত থাকতে পারে। করিমের বিশ্বাস, মুম্বাইয়ের মাটিতে পাকিস্তানকে বিশ্বকাপ ফাইনাল খেলা থেকে বিরত রাখতেই ম্যাচটা পাতানো হতে পারে। ২০০৮ সালে মুম্বাইয়ে ভয়াবহ হামলার ঘটনায় পাকিস্তানি মদদপুষ্ট সন্ত্রাসীগোষ্ঠীকে অভিযুক্ত করছে ভারত। করিম মনে করেন, মুম্বাইয়ে যদি পাকিস্তান ফাইনাল খেলত বা শিরোপা জয়ের উল্লাস করত, তা হতো ভারতীয়দের জন্য এক বড় লজ্জার। একই সঙ্গে তা হতো সন্ত্রাসী হামলায় নিহতদের আত্মার প্রতি অমর্যাদাও। এ কারণে ম্যাচ পাতিয়ে হলেও সেমিফাইনাল থেকে পাকিস্তানকে বিদায় করে ভারত।কারা এই ম্যাচ পাতানোর সঙ্গে জড়িত থাকতে পারে? আইনজীবী করিমের বিশ্বাস, এ ক্ষেত্রে দুটি পক্ষ কাজ করতে পারে। প্রথম পক্ষ হলো, ভারতের ব্যবসায়ী সম্প্রদায়। বিপুল পরিমাণ অর্থ দিয়ে একটা ম্যাচ নিজেদের করে নেওয়া তাঁদের কাছে অসম্ভব কিছু নয়। অপর পক্ষ হলো দুই দেশের সরকার। পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট নেই, ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় সিরিজ বন্ধ আছে, আইপিএলেও পাকিস্তানি ক্রিকেটারদের নেওয়া হচ্ছে না। সার্বিক পরিস্থিতিতে রাষ্ট্রীয় পর্যায়েও ভারতের সঙ্গে সমঝোতা করে থাকতে পারে পাকিস্তান।ক্রিকেট জুয়ার চার চক্র:ম্যাচ ফিক্সিংয়ের ক্ষেত্রে ভারতে চারটি চক্র রয়েছে। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ের ফিক্সিংয়ে তাদের রয়েছে একচ্ছত্র আধিপত্য। এই চক্রগুলো মূলত মুম্বাই, নাগপুর ও দিল্লিভিত্তিক। শ্রীলঙ্কায় ফিক্সিংয়ের নেপথ্যে অর্থ:গত বছরের এপ্রিলে শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক হাশান তিলকরত্নে দাবি করেছিলেন, ১৯৯২ সালের পর থেকে শ্রীলঙ্কান ক্রিকেটে নিয়মিতই ম্যাচ ফিক্সিং চলে আসছে। গত বছর অনুষ্ঠিত ভারত-শ্রীলঙ্কার ফাইনাল নিয়েও সন্দেহ প্রকাশ করেছিলেন তিনি।হাশান তিলকরত্নের দাবি অমূলক নয়। এর প্রধান কারণ, শ্রীলঙ্কায় ক্রিকেটারদের তীব্র অর্থসংকট। বোর্ড ক্রিকেটারদের অর্থ পরিশোধ করে না। মাসের পর মাস তাঁরা বেতন পান না। অথচ তাঁদেরকে অনেক সময় খেলতে হয় জীবন বাজি রেখে। ২০০৯ সালে লাহোরে লঙ্কান দলের ওপর হামলার ঘটনাই এর প্রমাণ। জীবনে একটু সচ্ছলতা আনার লক্ষ্যে ফিক্সিংয়ের পথে পা বাড়াতে হয় অনেককে।প্রেক্ষাপট পাকিস্তান: মূলত লোভ, আছে হুমকিওক্রিকেটারদের ম্যাচ পাতানোর প্রসঙ্গ এলে যে দেশের নাম সবার আগে আসে তা হলো পাকিস্তান। এর কারণ মূলত লোভ, সঙ্গে আছে হুমকিও। ২০১০ সালে দলের হোটেল থেকে পালিয়েছিলেন পাকিস্তানি উইকেটরক্ষক জুলকারনাইন হায়দার। যুক্তরাজ্যে গিয়ে অবসরের ঘোষণাও দিয়েছিলেন তিনি। জুলকারনাইন জানিয়েছিলেন, ম্যাচ পাতাতে অজ্ঞাত লোকের হুমকির কারণেই পালাতে বাধ্য হয়েছিলেন তিনি। দুই বছর আগে লোভে পড়ে স্পট ফিক্সিংয়ে জড়িয়ে ক্রিকেট বিশ্বে আলোড়ন সৃষ্টি করেন সালমান বাট, মোহাম্মদ আসিফ ও মোহাম্মদ আমির। একই ঘটনায় যুক্তরাজ্যে কারাভোগও করতে হয় তাঁদের। ২০০৯ সালে কাউন্টি ক্রিকেট খেলতে গিয়ে দানিশ কানেরিয়া ফিক্সিংয়ে জড়িয়েছিলেন বলে অভিযোগ রয়েছে।নেপথ্যে বলিউড অভিনেত্রী!পাকিস্তানি বংশোদ্ভূত বলিউড অভিনেত্রী বীনা মালিক। তাঁর আরেকটি পরিচয়, তিনি পাকিস্তানি ফাস্ট বোলার মোহাম্মদ আসিফের সাবেক প্রেমিকা। বীনা গত বছরের সেপ্টেম্বরে অভিযোগ করেন, আসিফকে ম্যাচ পাতানোর কাজে সহায়তা করে ভারতীয় ফটোগ্রাফার ধীরাজ দীক্ষিত। তাঁর দাবি, ম্যাচ পাতানোর ব্যাপারে ব্যাংককে আসিফের সঙ্গে বৈঠকও করেন দীক্ষিত। নিজের বক্তব্যের সপক্ষে ফোন রেকর্ড আইসিসির দুর্নীতি দমন বিভাগের কাছে উপস্থাপন করেন বীনা।তবে নিজেকে নির্দোষ দাবি করে ধীরাজ দীক্ষিত অভিযোগ করেন, বীনা মালিকই ম্যাচ পাতানোর সঙ্গে জড়িত। তাঁর দাবি, বীনা শুধু আসিফকেই এ কাজে জড়িত করেননি, অন্য অনেক ক্রিকেটারকেও বিভিন্ন সময় অনৈতিক কাজে প্ররোচিত করেছেন। আসিফের প্রেমিকা বলে লোকে অভিনেত্রী বীনাকে সন্দেহের বাইরে রাখত।মুক্ত আলোয় আজহারউদ্দিন:ম্যাচ পাতানোর দায়ে ২০০০ সালে ক্রিকেট থেকে আজীবন নিষিদ্ধ হয়েছিলেন আজহারউদ্দিন। এক যুগ পর গত মাসে ভারতীয় একটি আদালত রায় দেন, আজহারউদ্দিনকে আজীবন নিষিদ্ধ করার এখতিয়ারই ভারতীয় বোর্ডের ছিল না। বোর্ডের না হয় তাঁকে নিষিদ্ধ করার এখতিয়ার ছিল না, তাই বলে কি আজহারউদ্দিন সত্যি নিষ্কলুষ? কে. মাধুবনের বক্তব্য থেকেই তা স্পষ্ট। আজহারউদ্দিন ম্যাচ পাতানোর সঙ্গে জড়িত কি না, এটি তদন্তের ভার পড়েছিল তাঁর ওপর। মাধুবন জানান, তদন্তের অংশ হিসেবে ২০০০ সালের ১৬ নভেম্বর একটি হোটেলে তাঁর সঙ্গে আজহারউদ্দিনের আলোচনার কথা ছিল। কিন্তু আজহার উপস্থিত হন নির্ধারিত সময়ের প্রায় তিন ঘণ্টা পর। শুরুতেই মাধুবন প্রশ্ন করেন, ‘তুমি কত দিন ধরে দেশকে বিক্রি করছ?’ প্রশ্নটা শুনেই হাত দিয়ে নিজের মুখ লুকান আজহারউদ্দিন।মাধুবন জানান, ওই দিনই আজহার তাঁর দোষ স্বীকার করেছিলেন। জানিয়েছিলেন, তিনটি ম্যাচ পাতিয়েছেন তিনি।আইসিসি দুর্নীতি দমন বিভাগের ভূমিকা প্রশ্নবিদ্ধ:ক্রিকেটে ম্যাচ পাতানোর কালো ছায়ার ইতিহাস বেশ পুরোনো। প্রতিনিয়তই তা ঘটছে বলে অভিযোগ রয়েছে। অথচ নিজ থেকে তদন্ত করে জড়িতদের শাস্তি দেওয়ার নজির খুব একটা নেই আইসিসির দুর্নীতি দমন বিভাগের। ২০০০ সালে ক্যারিবীয় ব্যাটসম্যান মারলন স্যামুয়েলকে দুই বছর ও ২০০৪ সালে কেনিয়ার সাবেক অধিনায়ক মরিস উদুম্বেকে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ করা হয়।২০১০ সালের শেষের দিকে পাকিস্তানের তিন ক্রিকেটার সালমান বাট, মোহাম্মদ আসিফ ও মোহাম্মদ আমিরের স্পট ফিক্সিংয়ের খবর ফাঁস করেন নিউজ অব দ্য ওয়ার্ল্ড-এর ছদ্মবেশী এক সাংবাদিক। ওই ঘটনায় জুয়াড়ি ছিলেন মাজহার মাজিদ। অথচ এই মাজহারের সঙ্গে পাকিস্তানি ক্রিকেটারদের যোগাযোগের ব্যাপারে দুবার অবহিত করা হয়েছিল আইসিসি দুর্নীতি দমন বিভাগকে। কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।