
আর্জেন্টাইন রেফারি নেস্তর পিতানা বারবার ঘড়ি দেখেছেন। যোগ হওয়া সময়েরও চার মিনিট পেরিয়ে গেছে। যুক্তরাষ্ট্রের ডাগ আউটে কোচ ইয়ুর্গেন ক্লিন্সমানসহ পুরো রিজার্ভ বেঞ্চ উঠে দাঁড়িয়েছে। উৎসব প্রায় শুরু হলো বলে! শুধু পিতানার শেষ বাঁশির অপেক্ষা।
ডান দিক থেকে ক্রিস্টিয়ানো রোনালদোর অনন্যসাধারণ ক্রসটা এল ঠিক সময়ে। লেফট উইং দিয়ে যুক্তরাষ্ট্রের গোলবারের দিকে ছুটে আসছিলেন বদলি নামা সিলভেস্টার ভারেলা। রোনালদোর ক্রসে দারুণভাবে মাথা ছোঁয়ালেন পর্তুগিজ উইঙ্গার। যুক্তরাষ্ট্রের ডাগ আউটে মুহূর্তের স্তব্ধতা। উল্লাসে ফেটে পড়লেন মানাউসের পর্তুগিজ সমর্থকেরা। গো-ও-ল!
ওই গোলেই দ্বিতীয় রাউন্ডের টিকিটের জন্য অপেক্ষা বাড়ল যুক্তরাষ্ট্রের। বদলি ভারেলার ওই গোলেই মৃত্যুকূপ থেকে বেরিয়ে আসার ক্ষীণ একটা আশা বেঁচে থাকল পর্তুগালের।
শুধু মানাউসের এই ম্যাচটাতেই, একই দিনে রিও ডি জেনিরোতেও বেলজিয়ামের হয়ে বদলি নেমে জয়সূচক একমাত্র গোলটা করেছেন ডিভক অরিগি। রোমেলু লুকাকু, এডেন হ্যাজার্ড আর দ্রিস মের্তেনসদের কারণে একাদশে সুযোগ হয় না তাঁর। বেলো হরিজন্তেতে আলজেরিয়ার বিপক্ষে ম্যাচেও লুকাকুর বদলি হিসেবে নেমেছিলেন, যদিও গোল পাননি। তবে পরশু মারাকানায় ড্র-টাই যখন বেলজিয়াম-রাশিয়া ম্যাচের নিয়তি মনে হচ্ছিল, ৮৮ মিনিটে দারুণ এক গোল করে বেলজিয়ামকে সেই ম্যাচ জিতিয়ে দিলেন অরিগি-ব্রাজিল বিশ্বকাপের সর্বকনিষ্ঠ গোলদাতা।
বদলি হিসেবে নেমে ম্যাচ বদলে দেওয়ার ঘটনা শুধু পরশুই ঘটেনি, এই বিশ্বকাপে হরদমই ঘটছে। ২১ জুন ফোর্তালেজায় জার্মানির বিপক্ষে ৭০ মিনিট পর্যন্ত ২-১ গোলে এগিয়ে ছিল ঘানা। কিন্তু ‘সুপার সাব’ হিসেবে নেমে ৭১ মিনিটে গোল করে মিরোস্লাভ ক্লোসা শুধু সমতাই ফেরাননি, ছুঁয়েছেন ব্রাজিলিয়ান রোনালদোর বিশ্বকাপে সবচেয়ে বেশি গোলের রেকর্ডও। নাতালে একই গ্রুপের ঘানা-যুক্তরাষ্ট্র ম্যাচটাও ৮৭ মিনিট পর্যন্ত ১-১ ছিল। পরের মিনিটেই গোল করে যুক্তরাষ্ট্রকে দারুণ এক জয় এনে দিয়েছেন জন ব্রুকস।
সুপার সাবরা গোল না পেলে এক যুগ পরে বেলজিয়ামের বিশ্বকাপে প্রত্যাবর্তনের গল্পটা লেখা হতো হারের উপসংসারে। কিন্তু বেলো হরিজন্তেতে আলজেরিয়ার ম্যাচে প্রথমার্ধে এক গোলে পিছিয়ে থাকার পর দ্বিতীয়ার্ধে দুই গোল করেন বেলজিয়াম দলে বদলি হিসেবে নামা মারুয়ান ফেলাইনি ও দ্রিস মের্তেনস। বেলজিয়ামও বিশ্বকাপে প্রত্যাবর্তন উদ্যাপন করল জয় দিয়েই।
একই গল্প ব্রাসিলিয়ায় সুইজারল্যান্ড ইকুয়েডর ম্যাচেরও। প্রথমার্ধে ইকুয়েডর ফরোয়ার্ড এনার ভ্যালেন্সিয়ার গোলে পিছিয়ে ছিল সুইসরা। কিন্তু দ্বিতীয়ার্ধে আদমির মেহমেদি আর হারিস সেফারোভিচের গোলে দুর্দান্ত এক জয় তুলে নেয় সুইজারল্যান্ড। এঁরা দুজন নেমেছিলেন বদলি হিসেবেই।