ম্যাচ বাঁচাতে পারবে পাকিস্তান?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বোল্ড হলেন মিসবাহ, একই সঙ্গে খুন হলো ষষ্ঠ টেস্ট শতকের স্বপ্ন।
বোল্ড হলেন মিসবাহ, একই সঙ্গে খুন হলো ষষ্ঠ টেস্ট শতকের স্বপ্ন।

দুবাই টেস্টে তৃতীয় দিন শেষে পাকিস্তানের সংগ্রহ ছিল ৩ উইকেটে ১৩২।
আশার প্রদীপ তখনো জ্বলছিল দপদপ করেই। চতুর্থ দিন শেষে সে প্রদীপের আলো কমে এল অনেকখানি। যতটুকুবা জ্বলছে, তা তরুণ তুর্কি সরফরাজ আহমেদের সৌজন্যেই। চতুর্থ দিন শেষে পাকিস্তানের সংগ্রহ ১২৩.৩ ওভারে ৭ উইকেটে ৩৩০। এগিয়ে ১০৭ রানে, হাতে উইকেট রয়েছে  মোটে তিনটি।
আজ খেলা হয়েছে ৭৪.৩ ওভার। রান উঠেছে ১৯৮। খুইয়েছে ৪ উইকেট। পাকিস্তানের ইনিংসের বড় ট্র্যাজেডির নাম মিসবাহ-উল-হক। ষষ্ঠ টেস্ট শতক থেকে মাত্র ৩ রান দূরে থেকে হেরাথের বলে বোল্ড হয়েছেন পাকিস্তান অধিনায়ক।
প্রথম টেস্টের মতো এবারও বড় সংগ্রহের ইঙ্গিত দিচ্ছিল মিসবাহ ও ইউনুস খানের জুটি। দুই ‘বুড়ো’র চতুর্থ উইকেট জুটিতেই আসে ১২৯ রান। মধ্যাহ্নভোজের আগেই ইউনুস ৭৭ রানে লাকমলের শিকার হয়ে ফিরে যাওয়ার পরও অধিনায়ক ছিলেন অবিচল। কিন্তু শেষমেশ নার্ভাস নাইনটিজে পড়ে নিজের দারুণ ইনিংসটির পরিসমাপ্তি তো ঘটলই, সঙ্গে দলও পড়ল বিপদে।
শেষ বিকেলে সরফরাজ তুলে নেন প্রথম টেস্ট অর্ধশতক। এ তরুণ উইকেটরক্ষক অপরাজিত রয়েছেন ৭০ রানে। সঙ্গে ৭ রানে অপরাজিত সাঈদ আজমল। পঞ্চম দিনে অবশিষ্ট তিন উইকেট পাকিস্তানের ইনিংসের আয়ু কতটুকু দীর্ঘায়িত করতে পারবে, এখন সেটিই দেখার বিষয়।