ম্যাচ বাড়ছে প্রিমিয়ার ফুটবলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ম্যাচের সংখ্যা বাড়াতে আগামী মৌসুমের প্রিমিয়ার লিগে দল বাড়ানোর একটা চিন্তাভাবনা করেছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। কিন্তু দল বাড়ানোর সিদ্ধান্ত থেকে সরে এসেছে বাফুফে। তবে ম্যাচের সংখ্যা ঠিকই বাড়ছে। এ জন্য দুই লেগের বদলে তিন লেগে করা হবে এবারের প্রিমিয়ার লিগ। যদিও বাফুফে এই পদ্ধতি চালু করার চিন্তাভাবনা করেছে পরীক্ষামূলকভাবে। যদি এটি সফল হয় তাহলে পরের মৌসুমগুলোতেও খেলা চালিয়ে যাওয়া হবে তিন লেগে।
কাল বাফুফের নির্বাহী কমিটির জরুরি সভায় নেওয়া প্রাথমিক সিদ্ধান্ত অনুযায়ী আসন্ন মৌসুমের প্রিমিয়ার লিগে খেলবে ১০টি ক্লাব। গত মৌসুমের দল আবাহনী, মোহামেডান, শেখ রাসেল, শেখ জামাল ধানমন্ডি, বিজেএমসি, ব্রাদার্স, মুক্তিযোদ্ধা ও ফেনী সকারের সঙ্গে এবার যোগ দেবে চ্যাম্পিয়নশিপ লিগ থেকে উঠে আসা চট্টগ্রাম আবাহনী ও উত্তর বারিধারা। অবনমিত আরামবাগকে প্রিমিয়ার লিগে খেলার সুযোগ দেওয়া হবে না। আগামী মৌসুমে চ্যাম্পিয়নশিপ লড়াই জিতেই তাদের আসতে হবে প্রিমিয়ারে। অবশ্য এগুলো সবই প্রস্তাব। আজকের পেশাদার লিগ কমিটির সভায় এগুলোর সুপারিশ আকারে নেওয়ার কথা। তিন লেগের ম্যাচ হলে প্রথম দুই লেগ আগের মতোই হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে হবে সংশ্লিষ্ট দলগুলোর মাঠে। তৃতীয় লেগের ম্যাচ হবে বাফুফের দেওয়া নিরপেক্ষ কোনো ভেন্যুতে।
কালকের সভায় আলোচনা হয়েছে সুপার কাপ নিয়েও। আগামী মৌসুমের সুপার কাপের ম্যাচগুলো হবে পয়েন্ট তালিকার সেরা ছয় দল নিয়ে। গত মৌসুমে হয়েছিল সেরা আট দলের সুপার কাপ। গতবারের মতো এবারও বিদেশি খেলোয়াড় ছাড়াই হবে সুপার কাপ ফুটবল।
আর আগামী মৌসুমে চ্যাম্পিয়নশিপ লিগ হবে ৯টি ক্লাবকে নিয়ে। সেখান থেকে দুটি দল অবনমিত হবে এবং দুটি দল উঠবে প্রিমিয়ারে।