ম্যাচ বিপণনেও সমস্যা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গল্পচ্ছলে অনেক কথাই বলে ফেললেন কাজী সালাউদ্দিন। ঠিক অভিযোগ নয়, অনুযোগ। এত বড় আয়োজন অথচ একটা কো-স্পনসর পাওয়া গেল না! ঢাকায় মেসিদের ম্যাচের বিপণন নিয়ে দেশের শীর্ষস্থানীয় বাণিজ্যিক প্রতিষ্ঠানকে নির্বিকার দেখে হতাশ বাফুফের সভাপতি।ম্যাচটার খরচ ৩০ কোটি টাকার ওপরে। সব দায়িত্বই নিয়েছে বেক্সিমকো গ্রুপ। কাজেই একটা বড় দুশ্চিন্তা দূর হয়েছে। কিন্তু এখন দুশ্চিন্তা, গ্যালারির টিকিট বিক্রির ধীরগতি। বাফুফে চাইলে সব দায়িত্ব বেক্সিমকোর ওপর ছেড়ে নির্ভার থাকতে পারে। কিন্তু তা তো আর হওয়ার নয়। তাই কো-স্পনসর খোঁজার মিশনে নেমেছিলেন খোদ সালাউদ্দিন।সেই মিশন নাকি ব্যর্থ হয়েছে। কাল বাফুফে সভাপতি আক্ষেপ নিয়ে বলছিলেন, ‘কো-স্পনসরশিপের জন্য দুটি প্রতিষ্ঠানের কাছে গিয়েছিলাম। অনেক বোঝানোর পর বুঝল। এটা-ওটা নানা রকম দাবি রেখে শেষে বলল, ঠিক আছে ১০ লাখ টাকা দেব। এত বড় আয়োজনে মাত্র ১০ লাখ টাকা তো নেওয়া যায় না, প্রয়োজনে স্পনসর নেব না তা-ও ভালো।’এখন তাই বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করে টিকিট বিক্রির উদ্যোগ নেওয়া হয়েছে। সর্বশেষ ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের দ্বারস্থ হওয়ার খবর মিলেছে কাল। এর অর্থ এই নয়, একেবারে টিকিট বিক্রি হচ্ছে না। ১৫ লাখ টাকার ১০টি হসপিটালিটি বক্স কবেই শেষ। উচ্চমূল্যের টিকিটের চাহিদা বেশি, সমস্যাটা হলো সাড়ে সাত ও সাড়ে ১০ হাজার টাকার টিকিটই ধীরে বিকোচ্ছে। এগুলোর গ্রাহক আসলে একেবারেই সাধারণ দর্শক। দুই দল যে দুটি হোটেলে থাকবে (সোনারগাঁও ও রূপসী বাংলা), সেখানে টিকিট বিক্রির চিন্তা করা হচ্ছে। গুলশান এলাকায় কফি শপগুলোতে বড়পর্দায় অনেক লোক ইউরোপিয়ান ফুটবল দেখে। ফুটবল নিয়ে তাদের আগ্রহের কথা বিবেচনায় নিয়ে সেই শপগুলোতেও টিকিট বিক্রির পরিকল্পনা নিচ্ছে ফেডারেশন।সমস্যার গভীরে গিয়ে বাফুফে সভাপতি বললেন, ‘আসলে আমাদের মার্কেটিং বিভাগ বলতে কিছু নেই। যে কারণে এ অবস্থা হয়েছে। তা ছাড়া প্রচারণাও দুর্বল।’ কথাটা সত্যি। পত্রিকার পাতা আর টিভি ছাড়া আর তো কোনো প্রচারণা দৃশ্যমান নয়। বাফুফের নিজস্ব উদ্যোগ গতিহীনতায় ভুগছে।সবচেয়ে আশ্চর্যের ব্যাপার, বাফুফের পেশাদার কর্মীরাও এখন দেশের বাইরে আন্তর্জাতিক কর্মশালায় নিয়মিত হাজির থাকছেন। অথচ অত্যাবশ্যকীয় বিপণন বিভাগই নেই বাফুফের!তাই বলে ম্যাচ আয়োজনের উদ্যোগ থেমে থাকছে না। ফিফা সভাপতি সেপ ব্ল্যাটারকে আমন্ত্রণ জানানো হয়েছে ৬ আগস্ট ঢাকায় আর্জেন্টিনা-নাইজেরিয়া ম্যাচ দেখার জন্য। ব্ল্যাটার এলে তো বাফুফের জন্য সোনায় সোহাগা!