ম্যাচ রিপোর্ট কর, ফল দিও না...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খুদে ফুটবলারদের খেলার সংবাদে ফল দেওয়া যাবে না! ছবি: ফাইল ছবি।
খুদে ফুটবলারদের খেলার সংবাদে ফল দেওয়া যাবে না! ছবি: ফাইল ছবি।

সংবাদমাধ্যমের কাছে এক অদ্ভুত আবদার করে বসেছে ইংল্যান্ডের অন্যতম কাউন্টি সারের স্থানীয় ফুটবল অ্যাসোসিয়েশন (এসসিএফসি)। স্থানীয় পত্রিকা সারে মিরর-এর সম্পাদক বরাবর এক চিঠি লিখে তারা অনুরোধ করেছে অনূর্ধ্ব-৭ থেকে ১১ বছর বয়সীদের ফুটবল ম্যাচের রিপোর্টে যেন ফলাফল চেপে যাওয়া হয়!
আবদারটা বেশ অদ্ভুতই। তবে এসসিএফসি নাকি যথেষ্ট ভাবনা-চিন্তা করেই সংবাদমাধ্যমকে এমন অনুরোধ জানিয়েছে। সাধারণত ছোটদের ফুটবলে অনেক একতরফা ম্যাচ হয়, সেই ম্যাচগুলোর খবর পরাজিত দলের খুদে ফুটবলারদের মানসিকভাবে পর্যুদস্ত করতে পারে—এমন ভাবনাই এখানে কাজ করেছে সবচেয়ে বেশি।

ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশনের ভাবনাটাও ঠিক এই লাইনের। কিছু দিন আগে এক পর্যালোচনা প্রতিবেদনে তারা বলেছে, শিশুদের ফুটবলে খেলাটাকেই প্রাধান্য দেওয়া উচিত। ফলাফলকে প্রাধান্য দিলে খুদে ফুটবলারদের অনেকেই টানা ব্যর্থতায় হতোদ্যম হয়ে খেলা ছেড়ে দিতে পারে। যা আখেরে ফুটবল উন্নয়নকে ব্যাহত করতে পারে।

এদিকে, সারে মিররের সম্পাদক ডিয়ানে ব্লেইলক বলেছেন, তার পত্রিকা এসসিএফসির এই নির্দেশনা মানতে বাধ্য নয়। তিনি বলেছেন, নির্দেশনাটা আমাদের কাছে একেবারেই পরিষ্কার নয়। আমরা এসসিএফসির কাছে জানতে চেয়েছি যদি আমরা এই নির্দেশনা না মানি, তাহলে কী কোনো শাস্তির মুখোমুখি হতে হবে কিনা। পরবর্তীতে এ-সংক্রান্ত জবাব না পাওয়া পর্যন্ত আমরা আগের মতোই খুদে ফুটবলারদের খেলার ম্যাচ রিপোর্ট স্কোরলাইনসহ প্রকাশ করব।

এসসিএফসির এই নির্দেশনার বিরুদ্ধাচরণ করেছেন খুদে ফুটবলারদের অভিভাবকেরাও, ‘কেউ প্রতিদিন জিততে পারে না—এটা মানুষের দৈনন্দিন জীবনের অংশই। এই জিনিসটিই ছোটবেলা থেকে বাচ্চাদের মানসিকতায় প্রবেশ করাতে হবে। তাদেরও বুঝতে হবে প্রতিদিন জেতা সম্ভব নয়।’ সূত্র: এএফপি।