ম্যাচ শেষে
অধিনায়ককে সামনে থেকেই নেতৃত্ব দিতে হবে। এই ছিল তাঁর দর্শন। কাল মহেন্দ্র সিং ধোনির ইনিংসটা দেখে স্বাভাবিকভাবেই খুবই উচ্ছ্বসিত ইমরান খান। পাকিস্তানের বিশ্বকাপজয়ী অধিনায়ক ভারতীয় একটি টিভিকে বলেছেন, চাপের মুখে এটাই তাঁর দেখা অন্যতম সেরা এক ইনিংস, ‘ও খুবই ভালো খেলেছে। সত্যি বলতে কি, চাপের মুখে এটা ছিল অসাধারণ ইনিংস। ও এভাবে না খেললে ম্যাচটা তো দুই-তিন ঘণ্টাতেই শেষ হয়ে যায়। পরিস্থিতি বিবেচনায় এটা আমার দেখা অন্যতম সেরা এক ইনিংস।’‘ক্যাপ্টেন কুল’ ধোনি নিজে অবশ্য বাড়তি কোনো কৃতিত্বই নিলেন না। বরং ম্যাচ হারার আক্ষেপই ছিল তাঁর কণ্ঠে। ম্যাচ-সেরার পুরস্কার নিতে এসে বলেছেন, ‘আমার ব্যাটিংয়ে খুশি। উইকেট ছিল ফাস্ট বোলারদের। ওরা জায়গামতো বলও ফেলেছে। পাঁচ উইকেট পড়ে যাওয়ার পর ফিরে আসা কঠিন ছিল। দেরিতে মেরে খেলতে শুরু করেছিলাম, কারণ আগে সম্মানজনক একটা স্কোর চাইছিলাম। যে পরিস্থিতি ছিল, তাতে ২২৭ অনেক ভালো স্কোর। যদিও শেষ পর্যন্ত সেটা যথেষ্ট হলো না।’টস—দুই অধিনায়কের কথায় ছিল এই শব্দটা। ধোনি বলেছেন ‘ব্যাড টস টু লুজ।’ মিসবাহ বলেছেন, ‘গুড টস টু উইন।’ জুনাইদ-জামশেদের প্রশংসা তো করছেনই, ধোনিরও প্রশংসা করলেন মুক্তকণ্ঠে, ‘জুনাইদের স্পেলটা ছিল অসাধারণ। সহায়ক আবহাওয়ায় বোলারদের ঠিক জায়গায় বল ফেলতে দেখাটা সুখকর। উইকেটের ধরনও পাল্টেছে। প্রথমার্ধে ব্যাটিং করা ছিল খুব কঠিন। এরই মধ্যে ধোনি অসাধারণ খেলেছে। কিন্তু নাসিরও ভালো খেলে ম্যাচটা শেষ করেই এসেছে।’ ওয়েবসাইট।