ম্যাচ সেরা এবং রোনালদো
মেসি, রোনালদো, কাকা, রুনি—কে আলো ছড়াবেন বেশি? কে হবেন টুর্নামেন্টের সেরা? প্রাক-টুর্নামেন্ট আলোচনায় এই কৌতূহলী প্রশ্নই ছিল সবার মুখে মুখে। তা গ্রুপ পর্ব শেষে কে এগিয়ে? কেন ক্রিস্টিয়ানো রোনালদো!তিন ম্যাচের তিনটিতেই ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হওয়ার অর্থ তো তা-ই! প্রতিটি ম্যাচের সেরা খেলোয়াড়কে দেওয়া হয় ম্যান অব দ্য ম্যাচ পুরস্কার। গ্রুপ পর্ব শেষে এই পুরস্কারের তালিকা খুলে দেখা যাচ্ছে, সবাইকে ছাপিয়ে এগিয়ে আছেন পর্তুগিজ তারকা। গ্রুপ পর্বে তাঁর দল পর্তুগাল খেলেছে তিন ম্যাচ। একটি মাত্র গোল করা রোনালদো তিন ম্যাচেই ম্যান অব দ্য ম্যাচ!ভাবছেন ‘ম্যান অব দ্য ম্যাচ’ পুরস্কার প্রদানেও পক্ষপাতিত্ব আছে! থাকলেও থাকতে পারে। তবে সেটা কারও ইচ্ছাকৃত নয়, ফিফা যে নিয়ম করেছে, এদিক-সেদিক কিছু হলে সেটা নিয়মের কারণে হয়ে থাকবে। বিশ্বকাপে ফিফা এবারই প্রথম নিয়ম করেছে, ম্যান অব দ্য ম্যাচ পুরস্কার দেওয়া হবে ইন্টারনেটে সমর্থকদের দেওয়া ভোটের মাধ্যমে। ইন্টারনেটে সমর্থকেরা পর্তুগালের তিন ম্যাচেই রোনালদোকে দিয়েছে ম্যাচ-সেরার ভোট।অন্যদের কথা বাদ দিন। তিন ম্যাচের তিনটিতেই ম্যাচ-সেরা হয়ে রোনালদো নিজেই বিস্মিত। বিশেষ করে উত্তর কোরিয়ার বিপক্ষে ৭-০ গোলের জয়ের ম্যাচে কিছুতেই নিজেকে ম্যাচের সেরা খেলোয়াড় মনে করেন না পর্তুগিজ তারকা। নিজেই বলেছিলেন, ‘৩ থেকে ৪ জন খেলোয়াড় আমার চেয়ে বেশি দাবিদার ছিল এটার। বিশেষ করে টিয়াগো।’বারবারই রোনালদোই কেন ম্যান অব দ্য ম্যাচ? বিশ্বব্যাপী তাঁর ভক্তকুলের সংখ্যাও যে বেশি! দেখা গেছে, তিনটি বিকল্প ভাবনায় ভোট দিয়েছে ইন্টারনেট ব্যবহারকারীরা। গোলদাতা, গোলরক্ষক এবং সে রকম না পেলে রোনালদোকে!গোল না করেও রোনালদো ম্যান অব দ্য ম্যাচ দুবার। যদিও ওই দুটি ম্যাচ গোলশূন্য। রোনালদো তো গোলশূন্য ম্যাচে ম্যান অব দ্য ম্যাচ। পাঁচ ভাগ্যবান আছেন যাঁরা গোলের ম্যাচেও গোল না করে ম্যান অব দ্য ম্যাচ! এই পাঁচ ভাগ্যবান হলেন—লিওনেল মেসি, দিদিয়ের দ্রগবা, পার্ক জি-সুং, ড্যানিয়েল অ্যাগার এবং ওয়েসলি স্নাইডার। এএফপি।