ম্যাচ সেরা পুরো ভারতীয় দলই,বললেন কপিল দেব
অস্ট্রেলিয়ার বিপক্ষে মোহালি টেস্টে ভারতের এক উইকেটের মহাকাব্যিক জয়ের পর ম্যান অব দ্য ম্যাচ নির্বাচন করতে গিয়ে নিশ্চয়ই খুব সমস্যায় পড়তে হয়েছিল নির্বাচকদের। দুই ইনিংসে আট উইকেট নিয়ে পুরস্কারটা পেয়েছেন জহির খান। কিন্তু টেন্ডুলকারের প্রথম ও দ্বিতীয় ইনিংসে ৯৮ ও ৩৪ রান বা দ্বিতীয় ইনিংসে লক্ষণের ম্যাচ জেতানো অপরাজিত ৭৩ রানের ইনিংসটাকেই বা উপেক্ষা করা যায় কীভাবে? ভারতের কিংবদন্তি অল রাউন্ডার কপিল দেব অবশ্য অত হিসাব-নিকাশের মধ্যে যেতে চান না। ম্যাচ সেরার পুরস্কারটা পুরো দলেরই প্রাপ্য বলে মনে করেন ভারতের বিশ্বকাপ জয়ী দলের এ অধিনায়ক।‘আমার ব্যক্তিগত অভিমত হলো পুরো ভারতীয় দলেরই এ পুরস্কার পাওয়া উচিত। জয়টা কোনো নির্দিষ্ট ব্যক্তির না, বরং পুরো দলেরই’, বলেছেন তিনি। ম্যান অব দ্য ম্যাচ পুরস্কারটা জহির খান নাকি ভি ভি এস লক্ষণের পাওয়া উচিত ছিল, এমন প্রশ্নের জবাবে কপিল দেব বলেছেন, ‘আমি তো মনে করি, পুরস্কারটা এমনকি ইশান্ত শর্মারও প্রাপ্য।’দিল্লি কমনওয়েলথ গেমসে ভারতের পক্ষে প্রথম সোনা জেতা অভিনব বিন্দ্রা ও গগন নারাংয়েরও উচ্চকিত প্রশংসা করেছেন কপিল দেব। ভবিষ্যতে শ্যুটিংয়ে আরও পদক জেতার ব্যাপারেও তিনি আশাবাদী।—পিটিআই