ম্যাচ ‘টাই’, সুপার ওভারে জয়ী পাকিস্তান
নির্ধারিত ২০ ওভারে পাকিস্তানের সংগ্রহ ৪ উইকেটে ১৫১ রান। ১৫২ রানের লক্ষ্যে খেলতে নেমে অস্ট্রেলিয়াও করল ১৫১ রান, ৮ উইকেট হারিয়ে। ফল, ম্যাচ ‘টাই’। তবে সুপার ওভারে ম্যাচ জিতে নেয় পাকিস্তান।প্রথম টি-টোয়েন্টিতে ৭ উইকেটে জয়ের পর গতকাল শুক্রবার রাতে সুপার ওভারে জয়। এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিজেদের করে নিল পাকিস্তান। সিরিজের শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী সোমবার।এ ম্যাচে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন পাকিস্তানের অধিনায়ক মোহাম্মদ হাফিজ। শুরুটা অবশ্য ভালো হয়নি। কোনো রানের দেখা পাওয়ার আগেই সাজঘরে ফেরেন উদ্বোধনী ব্যাটসম্যান ইমরান নাজির। দলীয় সংগ্রহ তখন ১৩। এরপর উমর আকমল (১৩) ছাড়া বাকি ব্যাটসম্যানরা অবশ্য ভালো করেন। হাফিজ ও নাসির জামশেদ দুজনেই ৪৫ রান করেন। কামরান আকমল করেন ৪৩ রান। অস্ট্রেলিয়ার হয়ে কামিন্স, স্টার্ক, ওয়াটসন ও ক্রিস্টিয়ান প্রত্যেকে একটি করে উইকেট শিকার করেন।সিরিজে সমতার আনার জন্য চাই ১৫২ রান। অস্ট্রেলিয়ার জন্য লক্ষ্যটা খুব কঠিন ছিল না। উদ্বোধনী জুটিতেই দলীয় সংগ্রহে ৪০ রান যোগ করেন ডেভিড ওয়ার্নার ও শেন ওয়াটসন। ওয়ার্নার ৩১ রানে আউট হন। ওয়াটসন করেন ৩৩ রান। এরপর মাইক হাসি ২৩ ও জর্জ বেইলি ৪২ রান করেন। কিন্তু বাকি ব্যাটসম্যানদের ব্যর্থতায় ১৫১ রান তুলতে সক্ষম হয় অস্ট্রেলিয়া।দুই দলের সংগ্রহ সমান হওয়ায় ম্যাচ গড়ায় সুপার ওভারে। এ পর্যায়ে প্রথমে ব্যাট করা অস্ট্রেলিয়া এক ওভারে ১১ রান তোলে। জবাবে ছয় বলে ঠিক ১২ রান তুলতে সক্ষম হয় পাকিস্তান।সংক্ষিপ্ত স্কোরপাকিস্তান: ১৫১/৪ (২০ ওভার)হাফিজ ৪৫, জামশেদ ৪৫, কামরান ৪৩অস্ট্রেলিয়া: ১৫১/৮ (২০ ওভার)বেইলি ৪২, ওয়াটসন ৩৩, ওয়ার্নার ৩১সুপার ওভারের ফল: অস্ট্রেলিয়া ১ ওভারে ১১ রান, পাকিস্তান ১ ওভারে ১২ রান।সিরিজ: তিন ম্যাচের সিরিজে পাকিস্তান ২-০তে এগিয়ে। সূত্র: রয়টার্স।