ম্যাচটা জমবার কথা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লড়াইটা হবে যাকে বলে সেয়ানে সেয়ানে। কাগজে-কলমের র‌্যাঙ্কিংয়ে রাশিয়া (১৩) চেক প্রজাতন্ত্রের (২৭) চেয়ে বেশ খানিকটা এগিয়ে থাকলেও কাউকেই নিরঙ্কুশ ফেবারিট বলা যাচ্ছে না। চোখ জুড়ানো ফুটবলে গত ইউরোতে শেষ চারে পৌঁছে সবাইকে তাক লাগিয়ে দিয়েছিল রাশিয়া। এবারও ডিক অ্যাডভোকাতের দল সেই সাফল্যের পুনরাবৃত্তি করতে পারবে কি না সেটা এ মুহূর্তে বলা দুষ্কর, তবে সাম্প্রতিক ফর্ম তাদের আশার পালে হাওয়াই লাগাচ্ছে। সর্বশেষ ১৪ ম্যাচে তারা অপরাজিত, আর কয়েক দিন আগে তো ইতালিকে ৩-০ গোলে বিধ্বস্তই করেছে। তার ওপর গত ইউরোর ১১ জন খেলোয়াড়ই আছেন এবারের দলেও, তাই নিজেদের মধ্যে বোঝাপড়াটাও চমৎকারই থাকার কথা। মাঝমাঠটা যেমন বলতে গেলে জেনিথ সেন্ট পিটার্সবার্গ দলেরই। দলের সবচেয়ে বড়—বলতে পারেন একমাত্র—তারকা আন্দ্রেই আরশাভিনও আর্সেনাল থেকে এখন ধারে খেলছেন জেনিথেই। গত ইউরোতে আলো ছড়ানো আশরাভিন বলছেন, ‘গত ইউরোর পারফরম্যান্সের পুনরাবৃত্তি হলে তো দারুণই হয়। তবে সেজন্য আমাদের কয়েকটি ফেবারিট দলকে হারাতেই হবে।’এককালের পরাশক্তি চেক প্রজাতন্ত্রের সেই জৌলুশ হয়তো এখন অনেকটাই ম্রিয়মাণ, তবে অভিজ্ঞতা-তারুণ্যের মিশেলে তাদের দলটাও ফেলনা নয়। চেলসির হয়ে চ্যাম্পিয়নস লিগ জেতানো গোলরক্ষক পিওতর চেক আর আর্সেনালের হয়ে দারুণ একটা মৌসুম কাটানো টমাস রসিস্কির ওপরেই সবার চোখ থাকবে। দলের দুর্বলতা বলতে স্ট্রাইকারদের গোলখরা, বাছাইপর্বে তাদের সর্বোচ্চ গোলদাতা কাদলেচ একজন ডিফেন্ডার! গোঁদের ওপর বিষফোড়ার মতো যোগ হয়েছে ২০০৪ ইউরোর গোল্ডেন বুটজয়ী মিলান বারোসের চোট, আজকের ম্যাচে তাঁর খেলা নিয়েই সংশয়। চেক জাতীয় দলের ম্যানেজার ভ্লাদিমির স্মাইসারও রাশিয়াকেই গ্রুপ ফেবারিট মানছেন, ‘এই গ্রুপে প্রতিটি দলেরই পরের পর্বে যাওয়ার সুযোগ আছে। প্রথম ম্যাচটি আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ, কারণ তারাই এই গ্রুপের ফেবারিট দল।’ এএফপি, রয়টার্স।