টানা চার ম্যাচে ম্যান অব দ্য ম্যাচ। টি-টোয়েন্টি বিশ্বকাপটা হয়ে গেছে শেন ওয়াটসন কাপ। কাল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচসেরার পুরস্কারটি তাঁকে নিয়ে গেছে অন্য উচ্চতায়। শহীদ আফ্রিদিকে ছাড়িয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি ম্যাচসেরা হওয়ার রেকর্ডটি এখন অস্ট্রেলীয় অলরাউন্ডারেরই। আটবার ম্যাচসেরা হয়েছেন ওয়াটসন, আফ্রিদি সাতবার (ভারত-পাকিস্তান ম্যাচের আগে)। সনাৎজয়াসুরিয়া, ব্রেন্ডন ম্যাককালাম, কেভিন পিটারসেন ম্যাচসেরা হয়েছেন ছয়বার করে। পাঁচবার স্বীকৃতিটি পেয়েছেন ক্রিস গেইল, মাহেলা জয়াবর্ধনে, অজন্তা মেন্ডিস ও উমর গুল। ওয়ানডেতে ৬২ বার ম্যাচসেরা হয়ে সবার ওপরে শচীন টেন্ডুলকার। জয়াসুরিয়া ওখানেও আছেন দুইয়ে। ৪৮ বার ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন এই শ্রীলঙ্কান। টেস্টর রেকর্ডটি জ্যাক ক্যালিসের, মোট ২৩ বার ম্যাচসেরা হয়েছেন এই অলরাউন্ডার। ১৯ বার হয়েছেন দ্বিতীয় স্থানের মুরালিধরন। তিন ধরনের আন্তর্জাতিক ক্রিকেট মিলিয়ে ৭৬ বার ম্যাচসেরা হয়ে সবার সেরা টেন্ডুলকারই।