ম্যাচসেরা হেরাথ, সিরিজসেরা সাঙ্গাকারা
প্রথম ইনিংসে পাঁচ উইকেট। দ্বিতীয় ইনিংসে সাতটি। বাংলাদেশের ব্যাটিং অর্ডারে তাণ্ডব চালিয়ে দুই ইনিংসে ১২টি উইকেট তুলে নিয়েছেন রঙ্গনা হেরাথ। এর স্বীকৃতিও পেয়েছেন লঙ্কান এই স্পিনার। আজ মঙ্গলবার শেষ হওয়া কলম্বো টেস্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন হেরাথ।কৃতিত্বের স্বীকৃতি পেয়েছেন কুমার সাঙ্গাকারাও। পেয়েছেন সিরিজের সেরা খেলোয়াড়ের মর্যাদা। দুই টেস্টের চার ইনিংসের প্রথম তিনটিতেই সেঞ্চুরি করেন সাঙ্গাকারা। আজই কেবল সেঞ্চুরির দেখা পাননি, আউট হন ব্যক্তিগত ৫৫ রানে। দুই টেস্টে তাঁর সংগ্রহ ৪৪১ রান।অথচ সিরিজ শুরুর আগে সাঙ্গাকারার ফিটনেস নিয়েই সংশয় ছিল! বলা হচ্ছিল, গলে সিরিজের প্রথম টেস্টে না-ও খেলতে পারেন তিনি। সেই সংশয় কাটিয়ে মাঠে নামেন সাঙ্গাকারা। নেমেই খেলেন ১৪২ রানের অসাধারণ এক ইনিংস। দ্বিতীয় ইনিংসে করেন ১০৫ রান। কলম্বোয় সিরিজের দ্বিতীয় টেস্টেও পারফরম্যান্সের ধারাবাহিকতা ধরে রাখেন সাঙ্গাকারা। প্রথম ইনিংসে করেন ১৩৯ রান, আর দ্বিতীয় ইনিংসে ৫৫। সিরিজজুড়ে সাঙ্গাকারার মতো এতটা আলো ছড়াতে পারেননি শ্রীলঙ্কা বা বাংলাদেশের কোনো খেলোয়াড়ই।