ম্যাচের আগে গোলের হিসাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাতে মোটরসাইকেলের চাবি আর হেলমেট। হোটেলে এসেছেন বাংলাদেশ দলকে শুভেচ্ছা জানাতে। বেরিয়ে যাওয়ার সময় প্রশ্ন, ‘বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচে কী হবে? কে জিতবে?’এক সেকেন্ডও সময় না নিয়ে পাকির আলীর উত্তর, ‘কী আর হবে, বাংলাদেশ ৪-৫ গোল দেবে আর কি!’ আবাহনীতে খেলে আসা এবং পরবর্তীকালে বাংলাদেশে ক্লাব কোচিং করানো (এখনো ক্লাব কোচিংয়েই আছেন) শ্রীলঙ্কান নিজেই বললেন, ‘মাফ করবেন... এটা কোনো রসিকতা নয়। মিয়ানমারের বিপক্ষে বাংলাদেশের খেলা দেখে সজ্ঞানেই এটা বলছি!’এখানকার ফুটবল মহলও মোটামুটি নিঃসংশয় যে আজ সহজে শ্রীলঙ্কাকে হারিয়ে এএফসি চ্যালেঞ্জ কাপের সেমিফাইনালে উঠে যাবে বাংলাদেশ।তাজিকদের বিপক্ষে ২-১ গোলে জয়, মিয়ানমারের কাছে ১-২-এ হারলেও বাংলাদেশের খেলা দেখে এই বিশ্বাসটাকে বাড়াবাড়ি মনে হচ্ছে না মোটেও। কিন্তু শুধু জয় নিয়ে ভাবলেই চলছে না—জয়টা কয় গোলের ব্যবধানে আসে সেটিও গুরুত্বপূর্ণ! পরিসংখ্যানে চোখ বুলালে শ্রীলঙ্কার বিপক্ষে খুব বড় জয়ের দেখা মিলছে না। দু দলের আগের ১১ ম্যাচে বাংলাদেশের জয় ৮টি, তাতে বড় জয় দুটি ৩-০, ৩-১। প্রথমটি ১৯৮৯ ইসলামাবাদ, দ্বিতীয়টি ১৯৭৯ দেগুতে। আজ ৪-৫ গোলে জেতার লক্ষ্যটা একটু হলেও কঠিনই বটে!মিয়ানমারের কাছে ০-৪, তাজিকিস্তানের কাছে ১-৩ গোলে হারের পর বাংলাদেশের কাছেও বড় ব্যবধানে হারতে পারে শ্রীলঙ্কা—এটা যতই মনে করা হোক, বাংলাদেশকে না আবার মানসিক চাপ পেয়ে বসে। চাপের মুখে ভেঙে পড়ার উদাহরণ তো কম নেই!বিদেশিরা অত কিছু জানে না। তাই মিয়ানমার কোচও ‘বাংলাদেশ বড় ব্যবধানে না জিতলে অবাকই হব’ বলে বাংলাদেশকে প্রায় সেমিফাইনালে তুলেই দিলেন কাল দুপুরে!তবে ঘটনা হলো, বিষয়টা পুরোপুরি বাংলাদেশের হাতে নেই। মিয়ানমারের ওপরও নির্ভর করছে অনেকটা। মিয়ানমার আজ তাজিকিস্তানকে হারিয়ে দিলে বাংলাদেশের ড্রই যথেষ্ট। ড্র করলে বাংলাদেশের ১-০ গোলে জিতলেই চলবে। কিন্তু মূল ‘ঝামেলা’টা হলো, তাজিকিস্তান যদি হারিয়ে দেয় মিয়ানমারকে এবং ব্যবধান ৩-৪ গোল হয়ে গেলে কী হবে?তখন বাংলাদেশ চাপে পড়ে যাবে ভীষণ। বাংলাদেশ-তাজিকিস্তান দু দলের দুই ম্যাচে ৩ পয়েন্ট, তবে তাজিকরা গোল গড়ে এগিয়ে (+এক)। বাংলাদেশের গোলগড় শূন্য। তার অর্থ, বাংলাদেশের আসল পরীক্ষাটা গোলগড় বাড়ানোর!এখন তাজিকদের বিপক্ষে মিয়ানমার গা-ছাড়া ফুটবল না খেললেই হলো। আশার কথা, মিয়ানমার কোচ দুই ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে আগেই সেমিফাইনাল অলিখিতভাবে নিশ্চিত করে ফেলার আত্মতুষ্টিতে ভুগছেন না, ‘না না, যেনতেনভাবে ম্যাচটা পার করে দেওয়ার প্রশ্নই আসে না। আমরা জেতার জন্যই নামব। বাংলাদেশ নিশ্চিত থাকতে পারে।’নিশ্চিত কী করে থাকবে! দুটো ম্যাচ যে একই সময়ে (বাংলাদেশ সময় বেলা সাড়ে তিনটায় শুরু)। সুগাথাদাসায় বাংলাদেশ-শ্রীলঙ্কা, খানিক দূরে শ্রীলঙ্কার রাগবি ও ফুটবল মাঠে মিয়ানমার-তাজিকিস্তান লড়াই। একদল যেন আরেক দলের অবস্থা বুঝে ‘ব্যবস্থা’ নিতে না পারে, সে জন্যই এই ব্যবস্থা।তা মিয়ানমার ম্যাচ নিয়ে কী ভাবছে তাজিকরা? তাজিকদের চেয়ে মিয়ানমার শক্তিশালী, তবে এই ম্যাচে মরণকামড় দেবে বলে জানিয়ে দিলেন তাজিক কোচ,‘ ‘ইয়েস, সিওর...আমরা শেষবিন্দু দিয়ে মিয়ানমারকে হারিয়ে সেমিফাইনালে যেতে চাইব।’বাংলাদেশের জন্য এটা ভয়ের কারণ হতে পারছে না। কারণ, তাজিকরা বড় ব্যবধানে এই গ্রুপের সেরা দল মিয়ানমারকে হারিয়ে দেবে, এটা বিশ্বাস করা কঠিন। তাই বাংলাদেশ খেলতে চায় নিজেদের খেলাটাই, যে খেলাটা তাজিকিস্তান ও মিয়ানমারের বিপক্ষে খেলেছে।বাংলাদেশ কোচ সাইফুল বারী বলছেন, ‘আমরা অলআউট খেলব। তবে বেলা ৩টায় খেলা হওয়ায় গরম থাকবে, এই আবহাওয়ার সঙ্গে স্থানীয় দল অভ্যস্ত। তাদের হারানোর কিছু নেই বলে এই ম্যাচে চাপমুক্ত হয়ে খেলতে চাইবে, রানিংটা ভালো। আমাদের কাজ হলো, যত বেশি সম্ভব গোল করা।’সেই সুযোগ বাংলাদেশ পাবে কি না সময়ই বলবে, তবে শ্রীলঙ্কার নতুন কোচ এম আমানুল্লাহ শেষ ম্যাচটা থেকে জয় চাইছেন তাঁর খেলোয়াড়দের কাছ থেকে।দুপুরে জুমার নামাজ শেষ করে শ্রীলঙ্কার সাবেক এই স্ট্রাইকার বললেন, ‘মাত্র আড়াই মাস আগে দায়িত্ব পেয়েছি। আমাদের দলটা মূলত অনূর্ধ্ব-২০, কয়েকজন আছে অনূর্ধ্ব-২৩ খেলোয়াড়। সিনিয়ররা সব বাদ। এই দলের ঘাটতি শুধু অভিজ্ঞতায়। তা ছাড়া সব ঠিকই আছে। আমরা জেতার জন্যই খেলব।’পাকির আলী তা শুনে হেসেই উড়িয়ে দিলেন। এখনো বাংলাদেশ অন্তঃপ্রাণ পাকিরের বিশ্বাস আর নিজেদের স্বপ্ন পূরণের দায় এখন বাংলাদেশ দলের!