ম্যাচের আগে ডাচদের চিড়িয়াখানা ভ্রমণ
কে জিতল আর কে হারানোর বেদনায় পুড়ল? ঋণ শুধে বিশ্বকাপ হল্যান্ডের গলায় মালা পরাল নাকি আবারও ভাগ্যহত হয়ে দেশে ফিরেছে কমলার মৌন মিছিল—এতক্ষণে সব জানা হয়ে গেছে সবার। তবে মহারণের আগে কমলা শিবিরে অবস্থাটা কী ছিল জানেন?কোনো ম্যাচের আগে ডাচ দলের অবস্থার কথা উঠলেই কেউ হয়তো ধরে নেবেন—এই বুঝি লেগে গেছে ওদের মধ্যে! যিনি এটা ধরে নেবেন তার আর এমন দোষ কী, এটাই যে হল্যান্ড দলের চিরন্তন চরিত্র। চিরন্তন? তা হতে পারে, তবে এবার ব্যতিক্রম। বার্ট ফন মারউইকের এই হল্যান্ড তেমন নয়। এই দলে ভুলবোঝাবুঝি আর মনকষাকষি নেই। সুপার গ্লুর ভূমিকা নিয়ে হল্যান্ডের এই দলটিকে এককাট্টা করে দিয়েছেন কোচ মারউইক।এই ডাচ কোচই দলে একটি প্রথা চালু করেছেন—যেকোনো ম্যাচের আগে সবাই মিলে কোথাও ঘুরতে যাওয়া। কাল ফাইনালের আগেও এর ব্যতিক্রম হয়নি। অনুশীলন-টনুশীলন শেষে পরশু বিকেলে হল্যান্ড দল ঘুরতে গিয়েছিল জোহানেসবার্গের চিড়িয়াখানায়। খেলোয়াড়েরা যেন স্নায়বিক চাপে না পড়েন, এ কারণেই ম্যাচের আগের নিয়মিত ঘুরতে যাওয়াটা ঠিক রাখার কথা বলেছেন, ‘এটাকে অবশ্য আমরা আর ৫টি ম্যাচের মতোই দেখছি। সকালে কাজ করেছি এবং বিকেলে কাছের চিড়িয়াখানায় ঘুরতে গেছি সবাই মিলে। এটা আমরা জাপান, স্লোভাকিয়া ও উরুগুয়ের বিপক্ষে ম্যাচেও করেছি।’ রয়টার্স।