ম্যাচের আগে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্কলারির পর্তুগাল, এরিকসনের ইংল্যান্ডের সঙ্গে খেলেছে তাঁর দল মেসিডোনিয়া। কাল খেলল তারিক লুৎফির পাকিস্তানের বিপক্ষে। কিন্তু বাংলাদেশের কোচ হিসেবে পাকিস্তান ম্যাচ দিয়ে নিজের কোচিং জীবনের শুরুতে অন্য রকম অভিজ্ঞতাই হলো নিকোলা ইলিয়েভস্কির। খেলোয়াড়দের নামই এখনো ঠিকমতো জেনে ওঠার কথা নয়, অথচ ঢাকায় আসার চার দিন পরই একাদশ তৈরির মতো কঠিন কাজটা তাঁকে কাল করতে হয়েছে।সন্ধ্যায় মাঠে নামার আগে সারা দিন ব্যস্ততায় কেটেছে ইলিয়েভস্কির। সবচেয়ে বড় কাজটা ছিল, খেলার কৌশল ঠিক করা। আর দশজন কোচের মতো তাঁরও পছন্দের ফর্মেশন হলো ৪-২-৩-১। কিন্তু কোচের ছক অনুযায়ী খেলার উপযুক্ত খেলোয়াড় তো চাই। বাংলাদেশ দলে সেই সমস্যাটা রয়ে যাওয়ায় ফর্মেশনও শেষ পর্যন্ত পাল্টে ৪-৪-১-১ হয়ে গেছে।এর পেছনে ভূমিকা রেখেছেন সদ্যই জাতীয় দল থেকে অবসর নেওয়া আমিনুল হক। বাংলাদেশ দলকে উজ্জীবিত করার জন্য কাল সকালে আরও কয়েকজন সাবেক তারকার সঙ্গে এই গোলরক্ষকও যান হোটেলে। সেখানেই কোচের সঙ্গে কথা বলার পর আমিনুল জানাচ্ছেন ভেতরের খবরটা, ‘কোচ চাইছিল ৪-২-৩-১ পদ্ধতিতে খেলাতে। কিন্তু সবার কাছ থেকে ধারণা নিয়ে একটু সরে আসেন। আমি বলেছি, দুজন ডিফেন্সিভ মিডফিল্ডারের জায়গায় সমস্যা হতে পারে। কোচ বললেন, ঠিক আছে তাহলে ৪-৪-১-১। এমিলি ওপরে থাকবে, পেছনে মোনায়েম রাজু।’ একজন মাত্র স্ট্রাইকার খেলানোর কারণেই প্রথম একাদশে ছিলেন না এবারের বাংলাদেশ লিগে দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা মিঠুন চৌধুরী। তাঁকে খেলানো হবে কি হবে না, এটা নিয়ে বিস্তর গবেষণার খবরও মিলছে দলীয় সূত্রে। নতুন কোচ, স্বাভাবিকভাবেই দল গড়তে সাহায্য নেবেন সহকারীদের। সেটি নিয়েছেন বলেই জানালেন সহকারী কোচ গোলাম জিলানী, ‘সবার সঙ্গে কথা বলেছেন কোচ। তবে কে কোন পজিশনে ভালো, সেটা জেনে নিজেই নিয়েছেন চূড়ান্ত সিদ্ধান্ত।’দলীয় সূত্রের খবর, প্রথম একাদশ নিয়ে কোনো কোনো খেলোয়াড়ের অসন্তোষ ছিল। পরশু বাদ পড়ার খবরে এক মিডফিল্ডার নাকি ব্যাগ-ট্যাগ গুছিয়ে ফেলেছিলেন চলে যাওয়ায় জন্য! তবে এটাকে বিচ্ছিন্ন ঘটনা বলে দাবি করে এক খেলোয়াড় বললেন, বাংলাদেশ দল জয় পেতে একতাবদ্ধ।তিনটায় চূড়ান্ত রণকৗশল নির্ধারণী সভার আগে নতুন অধিনায়ক গোলরক্ষক বিপ্লবের কণ্ঠেও ছিল এরই অনুরণন, ‘কোচ মাত্র এলেন। আমাদেরই দায়িত্ব নিয়ে খেলতে হবে। আমরা তাঁকে আশ্বস্ত করেছি, নিজেদের উজাড় করে খেলব।’সেই কথা রেখেছেন বিপ্লবরা। বাংলাদেশের কোচ হিসেবে অভিষেক ম্যাচের শুরুতেই হাসি ফুটিয়েছেন মেসিডোনিয়ান কোচের মুখে। হাসিটা ছড়িয়েছে সবার মুখেই। সাবেক অধিনায়ক আরিফ খান জয়ের মুখে হয়তো একটু বেশিই। কাল সকালে হোটেলে গিয়ে বাংলাদেশ দলকে সমর্থন জানিয়ে আসার পর বলছিলেন, ‘কোচকে আমার ভালোই লেগেছে। আমাদের সহযোগিতা চেয়েছেন। আমরা বলেছি, অবশ্যই সহযোগিতা করব। খেলোয়াড়দের বলেছি, নির্ভার থাকো। জিতলে সবাই জিতব, হারলে সবাই মিলে হারব।’ বাংলাদেশের ফুটবলাররা নিজেরা জিতে জেতালেন সবাইকেই।