ম্যাচের দিন বৃষ্টি হতে পারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্ষা কাল শেষ। শরতেরও দিন দশেক কেটে গেছে। কিন্তু সম্প্রতি নাগাড়ে বৃষ্টি হচ্ছে বলে মেসিদের ম্যাচ নিয়ে দুশ্চিন্তা কাটছে না বাফুফে কর্মকর্তাদের। আগামী মাসেও যদি ভারী বৃষ্টি অব্যাহত থাকে তাহলে আর্জেন্টিনা ও নাইজেরিয়া দলের প্রস্তুতি বিঘ্নিত হবেই। হোটেলেই না বসে থাকতে হয় বিশ্বসেরা ফুটবলারদের! এত আগে অবশ্য আবহাওয়ার কোনো সঠিক পূর্বাভাস দিতে পারছে না আবহাওয়া অধিদপ্তর। তবে জানা গেছে, ৬ সেপ্টেম্বর আর্জেন্টিনা-নাইজেরিয়া প্রীতি ম্যাচের দিন হালকা বৃষ্টিপাত হতে পারে ঢাকা ও এর আশপাশের এলাকায়। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সহকারী পরিচালক শামসুদ্দিন আহমেদ অবশ্য আবহাওয়ার পূর্বাভাস নিয়ে প্রথমে কোনো মন্তব্য করতেই রাজি হলেন না। তবে ওই দিনের আবহাওয়ার একটা প্রাথমিক ধারণা দিয়ে বললেন, ‘সাধারণত সেপ্টেম্বরের দিকে আমাদের দেশে বৃষ্টি ধীরে ধীরে কমতে থাকে। ভারী বৃষ্টি থেকে আস্তে আস্তে শুষ্ক আবহাওয়ার দিকে যেতে থাকে প্রকৃতি। যেহেতু মেসিদের ম্যাচ এখনো ১২ দিন বাকি, আর এত আগের আবহাওয়ার সঠিক পূর্বাভাস দেওয়ার মতো প্রযুক্তি আমাদের হাতে নেই, তাই এখনই চূড়ান্তভাবে কিছু বলতে পারি না। তবে ধারণা, তখন হালকা বৃষ্টিপাত হতে পারে।’ সাধারণত সেপ্টেম্বর মাসে ভারী বৃষ্টিপাত খুব কম হয়। তবে ব্যতিক্রম যে হয় না তা নয়। শামসুদ্দিন আহমেদ জানালেন, ‘সর্বশেষ ২০০৫ সালে সেপ্টেম্বরে ঢাকায় ৩৩২ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছিল।’ তবে তিনি আশাবাদী, এবার এমন ভারী বর্ষণ হবে না। আবহাওয়া অধিদপ্তর ৭২ ঘণ্টা আগে জানাতে পারবে, ৬ সেপ্টেম্বর বৃষ্টিপাত হবে কি হবে না।