ম্যাচের দিন বেতন চেয়ে ক্রুইফদের খুদে বার্তা
উজবেকিস্তান ম্যাচের দিন সকালে মুঠোফোনে একটা খুদে বার্তা পেলেন বাফুফের সভাপতি। প্রেরক রেনে কোস্টার। জাতীয় ফুটবল দলের সহকারী কোচ ওই খুদে বার্তায় বাফুফেকে স্মরণ করিয়ে দেন নিয়মিত বেতন দেওয়ার ব্যাপারটা।
এর আগে তাঁরা ফিফাকে জানিয়েছেন, বাফুফের কাছ থেকে ঠিকমতো বেতন পান না। পরে একসঙ্গে মাস তিনেকের বেতন দিয়ে চাপটা কমিয়ে আনে বাফুফে। এখন বাফুফের দাবি, লোডভিক ডি ক্রুইফ ও তাঁর সহকারী রেনে কোস্টারের বেতন মাস দুয়েক বাকি। যেটি তেমন কিছু নয়।
তার পরও এশিয়ান গেমসে উজবেকিস্তানের মতো বড় প্রতিপক্ষের সামনে দাঁড়ানোর দিন বেতন চেয়ে খুদে বার্তা কেন? এই প্রশ্ন তুলে দুই কোচের ওপর বেজায় চটেছেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন। এত দিন অন্য অনেকে কোচদের বিরোধিতা করলেও সালাউদ্দিন কোচদের পক্ষেই কথা বলে গেছেন। এখন ওই খুদে বার্তার পর তিনি কোচদের আন্তরিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন। ম্যাচের কয়েক ঘণ্টা আগে বেতনের জন্য খুদে বার্তা পাঠানোটা তিনি ভালোভাবে নেননি। সালাউদ্দিন এখন কোচদের বিদায় দেওয়ার কথাই ভাবছেন বলে জানা গেছে।
যদিও এশিয়ান গেমসে কোচদের পারফরম্যান্স খারাপ বলা যাবে না। কিন্তু তাঁদের মাঠের বাইরের আচরণে বাফুফে ক্রমেই রুষ্ট হয়ে উঠছে। নেপালে সাফ ফুটবলের সময় আধঘণ্টা পর মাঠে যাওয়া, বিকেএসপিকে বসবাসের অযোগ্য বলে সেখান থেকে চলে আসার হুমকি—ইত্যাদি ভালোভাবে নেয়নি বাফুফে। সব মিলিয়ে দুই পক্ষের সম্পর্ক এখন বেশ শীতল।