ম্যাচের পর যে কাজগুলো রোনালদো করবেনই

বছরে ৬০-এর বেশি ম্যাচ খেলেন ক্রিস্টিয়ানো রোনালদো। শুধুই কি খেলেন? কত গোল প্রতিপক্ষের রক্ষণভাগ চিড়ে গোলরক্ষকের আগলে রাখা ওই চৌকোনা জালঘরটায় ঢোকে ফটাফট! পুরস্কারও হাতে উঠেছে ঢের। এসব অর্জন এমনি এমনি হয়নি। এর জন্য সবার আগে প্রয়োজন শরীরটা ঠিক রাখা। প্রবাদে আছে, ‘শরীরের নাম মহাশয়, যা সওয়ায় তা-ই সয়’। শরীর সইবে, কিন্তু তাকেও প্রাপ্যটুকু দিতে হবে। শরীরকে ফিট রাখতে কিছু ছকবাঁধা নিয়ম রয়েছে সিআর সেভেনের, যেটি নিয়ম করে মেনে চলেন তিনি।
ম্যাচ-পরবর্তী মুহূর্ত খুবই গুরুত্বপূর্ণ। ম্যাচে হেরে গেলে স্বাভাবিকভাবেই মনটা বেদনাচ্ছন্ন হয়ে পড়ে। জয়ের ক্ষেত্রে ঠিক এর উল্টো। আনন্দে আত্মহারা হয়ে অনেকে ছোটেন আনন্দপূর্তি করে সেটা উদযাপন করতে। পতুর্গিজ তারকা দুটোর কোনটিই করেন না। তাঁর কাছে শরীর ও মন ঠিক রাখা গুরুত্ব পায় বেশি। এ সময় রোনালদো কী কী নিয়ম মেনে চলেন, তা দেখে নেওয়া যেতে পারে।
খাদ্যাভ্যাস
একটি ম্যাচ মানে বিরাট ধকল! সাফল্য পেতে শরীরের সবটুকু শক্তি নিংড়ে দিয়ে লড়ে যান ফুটবলাররা। রোনালদো নিজের সেরাটা ঢেলে দিতে বদ্ধপরিকর। ম্যাচে স্বাভাবিকভাবেই শরীরের ওপর দিয়ে প্রচণ্ড ধকল যায়। শেষের বাঁশি বাজামাত্র ক্ষয় হওয়া পুষ্টি ও তরল পূর্ণ করতে রোনালদো নিয়ম করে কিছু খাবার খান। তাঁর খাদ্য তালিকায় রয়েছে ফল, এক ফালি পিত্জা, উচ্চ কার্বোহাইড্রেটপূর্ণ পানীয়। রোনালদো ম্যাচ শেষে পিত্জা খান, এটি অনেককেই বিস্মিত করতে পারে। ‘ফোর ফোর টু’ ম্যাগাজিন কিন্তু বলছে, এ ইতালিয়ান খাবারটিতে সঠিক মাত্রায় ক্যালোরি, পুষ্টি ও প্রোটিন থাকে।
স্নানপর্ব
রিয়াল মাদ্রিদের যখন ঘরের মাঠে (সান্তিয়াগো বার্নাব্যুতে) খেলা থাকে, রোনালদো তখন খেলা শেষে এক মুহূর্তও সময় নষ্ট না করে প্রিয় গাড়ি হাঁকিয়ে চলে যান পোজুয়েলো ডি আলারকোনে। মাদ্রিদের ধনাঢ্য এই উপশহরে রোনালদোর বিলাসবহুল একটা বাড়ি আছে। সেখানেই সম্পন্ন করেন স্নানপর্ব।
পর্তুগিজ উইঙ্গারের গোসল পর্বেও কিছু নিয়ম লক্ষ করা যায়। প্রথমেই উষ্ণ জলে (তাপমাত্রা ৩৮-৪৪ ডিগ্রি সেলসিয়াস) মিনিট পাঁচেক সময় কাটান। এরপর ঠান্ডা জলে কাটান তিন মিনিট। এভাবে একবার উষ্ণ, একবার ঠান্ডা—উভয়ে জলে পালাক্রমে ৩০ মিনিট গোসল করেন। এ গোসলপ্রক্রিয়ার মাজেজা কী? এতে শরীরের যে স্থানে ব্যথা থাকে সেখানে রক্ত চলাচল স্বাভাবিক হয়। ব্যথা উপশমেও ভীষণ উপকারী। আঘাত পাওয়া অঙ্গ দ্রুত সুস্থ হয়ে ওঠে। ‘স্পোর্টস ম্যাগাজিনে’র আন্তর্জাতিক জার্নালে দেখা গেছে, দ্রুত সেরে উঠতে এটি খুবই কার্যকর টোটকা।
পুলে লম্ফঝম্ফ
স্নান থেরাপি শেষে রোনালদো বিশ্রাম নেন না। ঝাঁপিয়ে পড়েন পুলে। সেখানে মিনিট বিশেক সাঁতার কাটেন। সাঁতার কেবল সেরে ওঠার অনুশীলন নয়, একই সঙ্গে চাপমুক্ত হওয়ার দারুণ কৌশল বটে। ভাবছেন মনের আনন্দে হইচই করে সাঁতরে বেড়ান রোনালদো? মোটেও না। বরং নিঃশব্দেই সাঁতারপ্রক্রিয়া সম্পন্ন করেন। এতে মনটা অনেক হালকা হয়।
স্পা পর্ব
পুল থেকে বেরিয়েই রোনালদো চলে যান স্পা ঘরে। সেখানে হাই প্রেশার ওয়াটার জেটে (তীব্র বেগে পানি বর্ষণের যন্ত্র) জল নেন শরীরে। অনেক গবেষণায় দেখা গেছে, এমন জলথেরাপিতে ব্যথা উপশম হয়। ভীষণ উজ্জীবিত হয় শরীরের মাংসপেশি।
অনাবিল প্রশান্তির খোঁজে
চলে এসেছি রোনালদোর ম্যাচ-পরবর্তী রুটিনের শেষ পর্বে। এ পর্বে তিনি পাঁচ মিনিট সময় কাটান তুর্কি স্নানাগারে। এ জলথেরাপিটি দেহ-মন শান্ত করে, এনে দেয় অনাবিল প্রশান্তি। অনেক খেলোয়াড় অনুযোগের সঙ্গে বলেন, খেলার পর রাতে ঘুম হয় না! এটি হয় সাধারণত অ্যাড্রেনালিনের ওপর প্রচণ্ড ধকল যাওয়ার কারণে। এ ক্ষেত্রে তুর্কি স্নানাগার খুবই উপকারী। স্নায়ু চাপ হ্রাসে খুব কাজ দেয় এটি।
এ প্রক্রিয়াগুলো শেষে তবেই রিয়াল তারকা রাতে ঘুমাতে যান। এবং পরের খেলার প্রস্তুতি নিতে শুরু করেন। এ প্রসঙ্গে রোনালদোর বক্তব্য, ‘প্রচুর ম্যাচ খেলতে হয়। ফলে আমার কাছে আনুষ্ঠানিক অনুশীলনের চেয়েও এ ধরনের পুনর্বাসন প্রক্রিয়া খুবই গুরুত্বপূর্ণ। প্রতিদিন নিয়ম করে ধকল প্রশমন ও বিশ্রাম নিলে পেশাদার জীবনে সেরাটা ঢেলা দেয়া সম্ভব। একই সঙ্গে সমৃদ্ধ হয় ক্যারিয়ারও।’