ম্যাচের মধ্যেই সেলফি!

প্রাক-মৌসুম প্রস্তুতিতে রিয়াল মাদ্রিদ এই মুহূর্তে নরওয়েতে। শনিবার অসলোয় একটি প্রীতিম্যাচেও মাঠে নেমেছিল তারা। স্থানীয় ভেলেরেঙ্গা ক্লাবের সঙ্গে এই ম্যাচ গোলশূন্যভাবে শেষ করেছে রোনালদো-বেনজেমাহীন রিয়াল। গোলবিহীন এই খেলায় বলার মতো কিছু না ঘটলেও গ্যালারির এক দর্শকের ‘সেলফি’ ঝড় তুলেছে আলোচনার।
খেলোয়াড়দের সঙ্গে ‘সেলফি’ তোলেন অনেক দর্শকই। কিন্তু শনিবার রিয়ালের ম্যাচে সেলফির নামে যা ঘটেছে, তা চোখ কপালে তুলে দেওয়ার মতোই। খেলা চলাকালীন সময়ে মাঠের কোনো খেলোয়াড়কে জাপটে ধরে সেলফি তোলা বোধ হয় ইতিহাসে এই প্রথমই।
খেলার ৩৫ মিনিটের ঘটনা এটি। ভেলেরেঙ্গার অর্ধে বিচরণ করছিলেন হামেস রদ্রিগেজ। হঠাৎই কলম্বিয়ান তারকা নিজেকে আবিষ্কার করেন এক দর্শকের মোবাইল ফোনের সামনে। ঘটনার আকস্মিকতায় বোধ হয় যারপরনাই হতবাক হয়ে পড়েছিলেন রদ্রিগেজ। খেলা চলার মধ্যে কোনো দর্শকের সঙ্গে তিনি নিজেও যে এই প্রথম সেলফি তুলছেন।
গ্যালারি থেকে দৌড়ে মাঠে ঢুকে গিয়েছিল সেই দর্শক। নিরাপত্তাকর্মীদের চোখ ফাঁকি দিয়ে সে চলে যায় একেবারে মাঠের মধ্যে। রদ্রিগেজের সঙ্গে সেলফি তোলার ব্যাপারটি হয়তো আগে থেকেই ঠিক করা ছিল। মাঠে তাঁর উপস্থিতি আঁচ করতে করতেই সেলফি তোলার সারা। এরপর অবশ্য নিরাপত্তাকর্মীরা অবশ্য খুব কঠোর কোনো ব্যবস্থায় যাননি। রদ্রিগেজের সঙ্গে সেলফি তুলে তৃপ্ত সেই দর্শককে চলে যেতে দিয়েছেন গ্যালারিতে।
দর্শকের এই সেলফি-কাণ্ড অবশ্য নিষ্প্রাণ খেলায় কিছুটা উত্তেজনাই এনে দেয়। পুরো ব্যাপারটাকে ইতিবাচকভাবেই দেখেছেন সকলে। সূত্র: দ্য মার্কা।