ম্যাচের লাগাম অস্ট্রেলিয়ার হাতেই

ড্র-নয়, হার তো নয়-ই, চতুর্থ দিন শেষে স্পষ্ট—মাইকেল ক্লার্ক জিততেই চান কেপটাউন টেস্ট, জিততেই চান সিরিজ। ক্লার্কের চাওয়াকে অবশ্য বিলাসি ভাবনা বলার সুযোগ নেই। অস্ট্রেলিয়ান অধিনায়কের চাওয়াকে মিথ্যে করতে হলে দক্ষিণ আফ্রিকাকে টেস্টের শেষ দিনে রীতিমতো ইতিহাস গড়তে হবে। গ্রায়েম স্মিথের বিদায়ী টেস্টকে স্মরণীয় করে রাখতে হলে দক্ষিণ আফ্রিকাকে অন্তত ড্র করতে হবে। কিন্তু চতুর্থ দিনের বিকেলেই যে দক্ষিণ আফ্রিকা ৪১ ওভারে ৭১ রানে খুইয়েছে ৪ উইকেট। ফলে শেষ দিনে বাকি ৬ উইকেটে জনসন-হ্যারিসদের সামলাতে পারবে প্রোটিয়ারা?
গতদিনের বিনা উইকেটে ৬ ওভারে ২৭ তোলা অস্ট্রেলিয়া আজ খেলল মোটে ৫২ ওভার, তুলল ২৭৬। ওভারপ্রতি ৫.২২ করে ৫৮ ওভারে ৫ উইকেটে ৩০৩ তুলে ইনিংস ঘোষণা করলেন ক্লার্ক। দক্ষিণ আফ্রিকার লক্ষ্য দাঁড়াল ৫১১। ডেভিড ওয়ার্নার এদিন ছুঁলেন অষ্টম টেস্ট শতক। গত ৮ টেস্টে এটি ওয়ার্নারের পঞ্চম শতক। বোঝা যাচ্ছে, ফর্মের কতটা তুঙ্গে রয়েছেন অস্ট্রেলিয়ান এই বাঁহাতি। ১৪৫ করে ওয়ার্নার প্যাভিলিয়নে ফিরেছেন অ্যাবটের শিকার হয়ে।
৫১১ রানের বিরাট লক্ষ্যে খেলতে নেমে শুরুতেই জনসন-হ্যারিস-প্যাটিনসন তান্ডবে টালমাটাল দক্ষিণ আফ্রিকা। চার বিরতির পর ৩৬.৪ ওভারে ৬৮ তুলতেই প্রোটিয়াদের ৪ উইকেট হাওয়া! আশার বাতি হয়ে ডি ভিলিয়ার্স অপরাজিত রয়েছেন ১৬ রানে। জনসন নিয়েছেন সর্বোচ্চ ২ উইকেট। দেখা যাক, কেপটাউন টেস্ট বাঁচাতে পারে কিনা স্মিথের দল।