১৮ বছর বয়সে টেস্ট অভিষেক লেগ স্পিনার হিসেবে, ব্যাটিং করতেন সাত-আটে। কিন্তু ব্যাটিং-প্রতিভা খুব দ্রুতই মাজিদ খানকে তুলে আনে মিডল-অর্ডারে। ব্যাটিং তো স্টাইলিস ছিলই, ক্যামব্রিজে পড়াশোনার সুবাদে জীবনযাত্রাও তেমনই। সব মিলিয়ে তাঁর নামই হয়ে যায় ‘ম্যাজেস্টিক খান।’ এই ম্যাজেস্টিক খান ব্যাট হাতে ম্যাজিক দেখাতেন প্রায়ই। লাঞ্চের আগেই সেঞ্চুরি করেছিলেন ১৯৭৬ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে করাচি টেস্টে, তাঁর আগে যে কীর্তি ছিল মাত্র তিনজনের, পরে নেই আর কারও। প্রথম শ্রেণীর ক্রিকেটে একবার ৪ রানে ৫ উইকেট হারিয়ে ফেলা দলকে জিতিয়েছেন ডাবল সেঞ্চুরি করে। ১৯৬৭ সালে পাকিস্তানের হয়ে গ্ল্যামরগনের বিপক্ষে ১৩ ছয়ে ১৪৭ করেছিলেন মাত্র ৮৯ মিনিটে। ইমরান খানের চাচাতো ভাই মাজিদের পরিবারের তিন প্রজন্মের প্রতিনিধিত্ব আছে টেস্টে। স্বাধীনতার আগে ভারতের হয়ে চারটি টেস্ট খেলেছিলেন বাবা জাহাঙ্গীর খান, ছেলে বাজিদ পাকিস্তানের হয়ে একটি টেস্ট খেলেছেন ২০০৫ সালে। আজ ৬৪ বছর পূর্ণ হচ্ছে মাজিদ খানের, শুভ জন্মদিন ম্যাজেস্টিক খান!