ম্যাথিয়াস-থম্পসনের পাশে ইটন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পুরুষদের ডেকাথলনের ১৫০০ মিটারে জয়ের পর অ্যাশটন ইটন l রয়টার্স
পুরুষদের ডেকাথলনের ১৫০০ মিটারে জয়ের পর অ্যাশটন ইটন l রয়টার্স

ইতিহাস ডাকছিল অ্যাশটন ইটনকে। যুক্তরাষ্ট্রের ডেকাথলেট সেই ডাকে সাড়া দিয়েই এবারও জিতে গেলেন অ্যাথলেটিকসের সবচেয়ে কঠিন ইভেন্ট। লন্ডনের পর রিও—টানা দুবার ডেকাথলন জিতে বব ম্যাথিয়াস ও ডেলি থম্পসনের পাশে বসলেন ইটন। অলিম্পিক ইতিহাসে ১০ ইভেন্টের এই প্রতিযোগিতা সর্বোচ্চ দুবার জিতেছেন এই ত্রয়ী।
শারীরিক সক্ষমতার চরম পরীক্ষা দিয়ে এবার ৮৮৯৩ পয়েন্ট পেয়েছেন ইটন। গত বিশ্ব চ্যাম্পিয়নশিপে বিশ্ব রেকর্ড গড়া ২৮ বছর বয়সী ইটন এবার ছুঁলেন অলিম্পিক রেকর্ড। ২০০৪ এথেন্স অলিম্পিকে ৮৮৯৩ পয়েন্ট নিয়েই সোনা জিতেছিলেন চেক প্রজাতন্ত্রের রোমান সেবরলে।
এবার রিওতে শেষ ইভেন্ট পর্যন্ত ইটনকে পিছু ধাওয়া করেছেন ফ্রান্সের কেভিন মায়ার। নবম ইভেন্ট জ্যাভেলিন থ্রোতে বর্শাটাকে ইটনের চেয়ে ৫ মিটার বেশি দূরে পাঠিয়ে ব্যবধানটাকে ৪৪ পয়েন্টে নামিয়ে এনেছিলেন মায়ার। সোনা জিততে শেষ ইভেন্ট ১৫০০ মিটার দৌড়টা ইটনের চেয়ে ৭ সেকেন্ড আগে শেষ করতে হতো মায়ারকে। কিন্তু বর্তমান চ্যাম্পিয়ন ইটন মায়ারের চেয়ে ২.১৬ সেকেন্ড এগিয়ে থেকে তৃতীয় হলেন ১৫০০ মিটারের দ্বিতীয় দৌড়ে।
জিততে কতটা মরিয়া ছিলেন ইটন জয়ের পর তাঁর কথাতেই পরিষ্কার সেটা, ‘আজ রাতে আমি হাসপাতাল পর্যন্ত দৌড়াতে প্রস্তুত ছিলাম। ফরাসি তরুণ কেভিন মায়ার আমার সামর্থ্যের চূড়ান্ত পরীক্ষা নিয়েছে। পরীক্ষাটায় আমি পাস করেছি।’
৮৮৩৪ পয়েন্ট নিয়ে মায়ার জিতেছেন রুপা। ৮৬৬৬ পয়েন্ট পেয়ে ব্রোঞ্জ জিতেছেন কানাডার ডেমিয়ান ওয়ার্নার। এএফপি, দ্য গার্ডিয়ান।