‘আমার দেখা অন্য যে কারও চেয়ে অ্যাঞ্জেলো চাপটা বেশি ভালো সামলায়’—মাহেলা জয়াবর্ধনে ম্যাচ শেষে কথাটি বললেন হয়তো ডেপুটির প্রতি ভালো লাগা থেকে অতি আবেগে। চাপটা যে সত্যিই ভালো সামলান, এর প্রমাণ কিন্তু দিয়েই চলেছেন অ্যাঞ্জেলো ম্যাথুস। সহ-অধিনায়কের অসাধারণ এক ইনিংসে শেষ ওয়ানডেতে পাকিস্তানকে ২ উইকেটে হারিয়ে ওয়ানডে সিরিজ জিতে নিয়েছে শ্রীলঙ্কা (৩-১)। প্রতিশোধ নিয়েছে গত নভেম্বরে মধ্যপ্রাচ্যে সিরিজ হারেরও।অস্ট্রেলিয়ায় একবার প্রায় হারা ম্যাচ ম্যাথুস জিতিয়েছিলেন লাসিথ মালিঙ্গাকে সঙ্গে নিয়ে। গত সিবি সিরিজে আরেকবার প্রায় একাই হারিয়ে দিচ্ছিলেন অস্ট্রেলিয়াকে। পরশু ডোবালেন পাকিস্তানকে। ২৪৭ রানের মোটামুটি ভালো পুঁজি গড়েছিল পাকিস্তান। টানা দুই বলে সাঙ্গাকারা ও জয়াবর্ধনেকে হারানোর পর ম্যাথুস যখন উইকেটে গেলেন, শ্রীলঙ্কার রান তখন ৪ উইকেটে ৯৭। চান্ডিমাল (৫৪) কিছুক্ষণ সঙ্গ দিয়ে ফিরে গেলেও হাল ছাড়েননি ম্যাথুস। মাত্র ৩ উইকেট হাতে নিয়ে শেষ ৯ ওভারে ৭২ রান প্রয়োজন ছিল শ্রীলঙ্কার। জীবন মেন্ডিস (১৯) ও নুয়ান কুলাসেকারাকে (১০*) নিয়ে দলকে দারুণ এক জয় এনে দিয়েছেন ম্যাথুস। মোহাম্মদ সামির করা শেষ ওভারে প্রয়োজন ছিল ১৫ রান। এক ছয় ও একটি চারে ম্যাথুস ম্যাচ শেষ করে দেন দুই বল আগেই (৭৬ বলে ৮০*)। ক্রমেই ‘ফিনিশার’ হয়ে ওঠা ম্যাথুসের উচ্ছ্বসিত প্রশংসা তাই জয়াবর্ধনের কণ্ঠে, ‘এমন নয় যে এই প্রথম ও এমন কিছু করল। অনেকবারই ও মুঠো থেকে বেরিয়ে যাওয়া ম্যাচ জিতিয়েছে আমাদের। অনেকবার কাছাকাছি নিয়ে গেছে, হয়তো শেষ পর্যন্ত জেতাতে পারেনি। তবে খাদের কিনারা থেকে দলকে টেনে তুলতে ওর জুড়ি নেই।’ ম্যাথুস তো ছিলেনই, পাকিস্তানকে ডুবিয়েছে বাজে ফিল্ডিংও। দুটি সহজ ক্যাচ পড়েছে, রানআউটের সুযোগ নষ্ট হয়েছে কয়েকটি। আর সাঈদ আজমলের বদলে সুযোগ পাওয়া সামি ছিলেন দারুণ ‘উদার’। দলের আর কেউ ওভারপ্রতি পাঁচের বেশি রান না দিলেও ৯.৪ ওভারে সামি দিয়েছেন ৭৫! মিসবাহ বললেন এই দুটোর কথাই, ‘এমন ফিল্ডিং নিয়ে জেতা মুশকিল। প্রচুর ভুল করেছি আমরা। আর রাতে তৃতীয় স্পিনার না থাকাটাও আমাদের ভুগিয়েছে। আজমলকে না খেলানোর মাশুলও দিতে হয়েছে।’১১ উইকেট নিয়ে সিরিজ-সেরা থিসারা পেরেরা। পুরস্কারটাও হাতেনাতে পেয়ে গেছেন। ডাক পেয়েছেন টেস্ট দলেও। ১৫ সদস্যের টেস্ট দলে ফিরেছেন নুয়ান কুলাসেকারা। আর প্রথমবারের মতো টেস্টে ডাক পেয়েছেন লেগ স্পিনিং অলরাউন্ডার জীবন মেন্ডিস। আগামী পরশু গলে শুরু ৩ ম্যাচের টেস্ট সিরিজ। ওয়েবসাইট।